ঢাকা শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

টাঙ্গাইলে নদীতীর রক্ষায় নতুন প্রকল্পের যাত্রা শুরু

টাঙ্গাইলে নদীতীর রক্ষায় নতুন প্রকল্পের যাত্রা শুরু

টাঙ্গাইলের ধলেশ্বরী ও লৌহজং নদীর নাব্যতা ফিরিয়ে আনা এবং টাঙ্গাইল পৌর এলাকার নদীতীরবর্তী জনপদ রক্ষায় মেগা প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। শনিবার (২ মে) সদর উপজেলার করটিয়ার ক্ষুদিরামপুর এলাকায় নদী পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়।

উদ্বোধন করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলহাজ সুলতান সালাউদ্দিন টুকু।

উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আঙুলে ভোটের কালি না শুকাতেই বিএনপি সরকার প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে। তারই ধারাবাহিকতায় পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে ধলেশ্বরী ও লৌহজং নদী পুনঃখনন এবং টাঙ্গাইল পৌর এলাকায় নদীতীর প্রতিরক্ষা প্রকল্পের কাজ শুরু করা হলো।

তিনি আরও বলেন, নদী বাঁচলে টাঙ্গাইল বাঁচবে। এই প্রকল্পের মাধ্যমে মৎস্য সম্পদের উন্নয়ন ঘটবে এবং টাঙ্গাইল পৌরসভা নদীভাঙন ও বন্যার ঝুঁকি থেকে রক্ষা পাবে। বর্তমান সরকার নদী ও জলাশয় রক্ষায় দৃঢ়ভাবে কাজ করছে।

প্রতিমন্ত্রী বলেন, দীর্ঘদিন ধরে পলি জমে ভরাট হওয়া এবং দখল-দূষণের শিকার হওয়া ধলেশ্বরী ও লৌহজং নদী খননের ফলে এই অঞ্চলে পানি প্রবাহ স্বাভাবিক হবে। এতে কৃষি ও পরিবেশে ইতিবাচক পরিবর্তন আসবে। একই সঙ্গে নদীতীর প্রতিরক্ষা বাঁধ নির্মাণের মাধ্যমে টাঙ্গাইল শহরের সুরক্ষা নিশ্চিত হবে।

টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মাইন উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্ত এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন মিয়া।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, জেলা যুবদল ও ছাত্রদলের সাবেক সভাপতি খন্দকার আহমেদুল হক সাতিল, সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলীসহ অনেকে।

অনুষ্ঠানে জেলা প্রশাসন, পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তা, দলীয় নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

নতুন প্রকল্পের যাত্রা,নদীতীর রক্ষা,টাঙ্গাইল
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত