
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় চান্দাইকোনা পূর্বপাড়া গ্রামের স্কুলছাত্রী আন্নিশা আক্তার মুনিয়া খাতুনের (১৬) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সে ওই গ্রামের শিক্ষক রইস উদ্দিনের মেয়ে এবং স্থানীয় উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির শিক্ষার্থী। এ ঘটনায় এলাকায় ব্যাপক শোকের ছায়া নেমেছে।
রায়গঞ্জ থানার ওসি আহসানুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আলোকিত বাংলাদেশকে জানান, শুক্রবার বিকেলে ওই স্কুলছাত্রী নিজ শয়নকক্ষে একা ছিল এবং সন্ধ্যায় সে ঘরের তীরের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ মেডিকেল হাসপাতাল মর্গে পাঠায়। এদিকে আত্মহত্যার আগে মুনিয়া একটি চিরকুট লিখে রেখে গেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে সেই চিরকুটে কী লেখা রয়েছে তা এখনো জানা যায়নি।
এ ঘটনায় বিশেষ তদন্ত চলছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।