
সিরাজগঞ্জে চাঁদাবাজির মামলায় ছাত্রদল নেতা সোহেল রানা (৩৫)-কে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত সোহেল সিরাজগঞ্জ পৌর এলাকার দত্তবাড়ি মহল্লার হারুনর রশিদের ছেলে এবং পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক।
সদর থানার ওসি (তদন্ত) আবু বক্কার মাতুব্বর এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আলোকিত বাংলাদেশকে জানান, সিরাজগঞ্জ পৌর এলাকার কোবদাসপাড়া আক্কার মোড় মহল্লায় মনোহারী ব্যবসায়ী শাহজাহান আলী দোকান করতেন। গত ২৭ এপ্রিল সন্ধ্যায় তার ব্যাবসায়িক অংশীদার নাজমুল ইসলাম ব্যাবসাসংক্রান্ত আলোচনার জন্য শাহজাহান আলীর বাড়িতে যান। তবে শাহজাহান আলী বাড়িতে না থাকায় তার মায়ের সাথে কথা বলছিলেন তিনি। এ সময় যুবলীগ নেতা সাবেক কাউন্সিলর হোসেন ও ছাত্রদল নেতা সোহেলসহ কয়েকজন বাড়িতে ঢুকে নাজমুল ও শাহজাহানের স্ত্রী নূপুরকে জড়িয়ে মিথ্যা অপবাদ রটায় এবং হুমকি-ধামকি দিয়ে নাজমুলকে তুলে নিয়ে ৭০ হাজার টাকা চাঁদা দাবি করে। এ চাঁদার টাকা ৫ দিনের মধ্যে দেওয়ার কথা স্বীকার করে নাজমুলকে উদ্ধার করা হয়। পরবর্তীতে চাঁদার টাকা দিতে অস্বীকার করায় তারা বিভিন্ন ভয়ভীতি দেখানো ও প্রাণনাশের হুমকি দিয়ে আসছে।
এ ব্যাপারে রোববার সকালে ওই ব্যবসায়ীর স্ত্রী নুপুর বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১০/১২ জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করেন।
এ মামলায় এলাকায় অভিযান চালিয়ে ওই ছাত্রদল নেতাকে গ্রেপ্তার করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।