
নারায়ণগঞ্জ শহরে হকার উচ্ছেদ কার্যক্রম চলাকালে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) কর্মচারীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত পাঁচ থেকে ছয়জন কর্মচারী আহত হয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
সোমবার (৪ মে) বিকেলে নগরীর চাষাড়া নূর মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
জানা যায়, প্রতিদিনের মতো সোমবার বিকেলে নগরীর বিভিন্ন সড়কে হকার উচ্ছেদ কার্যক্রম শুরু করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের উচ্ছেদ কাজে নিয়োজিত কর্মচারীরা। এসময় নগরীর প্রেসক্লাবের সামনে হকাররা মিছিল নিয়ে এসে কর্মচারীদের ওপর হামলা চালায়।
এতে জাহাঙ্গীর ও রুহুল নামে দুই কর্মচারীসহ অন্তত পাঁচ থেকে ছয়জন আহত হন। হামলার সময় আহতদের কাছে থাকা মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনিয়ে নেওয়ার অভিযোগও উঠেছে।
তবে হামলাকারী হকারদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।
এ বিষয়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান বলেন, হকারদের এমন আচরণ অত্যন্ত বাড়াবাড়ি। তাদের পুনর্বাসনের বিষয়ে আলোচনা চলছিল। কিন্তু ধৈর্য না রেখে আইন নিজের হাতে তুলে নেওয়া ঠিক হয়নি। যারা হামলায় জড়িত, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।