ঢাকা বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে ইরি-বোরো ধান কাটা শুরু, বাম্পার ফলন

সিরাজগঞ্জে ইরি-বোরো ধান কাটা শুরু, বাম্পার ফলন

সিরাজগঞ্জে এবার ইরি বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। অনেক স্থানে ধান কাটা ও মাড়াই শুরু হয়েছে। এতে কৃষকেরা এখন ব্যস্ত সময় পার করছে। হাট-বাজারে ইতোমধ্যেই নতুন ধান উঠছে। সরকারিভাবে ধান ক্রয় অভিযান শুরু ও বাজার ভালো থাকায় কৃষকেরা খুশি।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, জেলার ৯টি উপজেলার বিভিন্ন স্থানে ১ লাখ ৪২ হাজার হেক্টর জমিতে ইরি বোরো ধান চাষাবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল। কৃষকেরা এ লক্ষ্যমাত্রার চেয়ে কিছুটা বেশি চাষাবাদ করেছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬ লাখ ৯ হাজার ১৫০ মেট্রিক টন। এ চাষাবাদে সার ও কীটনাশক প্রয়োগ এবং আবহাওয়া অনুকূলে থাকায় বাম্পার ফলন হয়েছে। চলতি মাসের প্রথম দিকে ঝড় বৃষ্টি হওয়ায় ধানের কিছুটা ক্ষতি হয়েছে। ইতোমধ্যেই চলনবিল এলাকাসহ জেলার বিভিন্ন স্থানে ধান কাটা ও মাড়াই শুরু হয়েছে। আবহাওয়া অনুকূলে না থাকার আশঙ্কায় শ্রমিকের দাম বেশি দিয়েও ধান কাটছে কৃষকেরা। বিশেষ করে সিরাজগঞ্জের চলনবিল এলাকার তাড়াশ, রায়গঞ্জ, শাহজাদপুর ও উল্লাপাড়ায় এ দৃশ্য চোখে পড়ার মতো। কৃষকের এ নতুন ধান স্থানীয় হাট-বাজারে উঠছে।

স্থানীয় কৃষকরা বলছেন, ইরি বোরো ধান কাটা ও মাড়াই কাজে কামলার দাম অনেকটা বেশি। আবহাওয়া অনুকূলে না থাকার আশঙ্কায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বর্তমানে প্রতি মণ মিনিকেট ও কাটারি ভোগ ধান গড়ে ১৩০০ থেকে ১৪০০ টাকায় বিক্রি হচ্ছে এবং ব্রি-২৯ ধানসহ অন্যান্য জাতের ধান গড়ে ১১০০ থেকে ১২০০ টাকা মণ বিক্রি হচ্ছে। ভেজা ধান প্রতিমণ ৯০০ থেকে ১০০০ টাকায় বিক্রি হচ্ছে। বাজারে ধানের দাম বাড়তে পারে বলে আশা করা হচ্ছে।

এদিকে জেলায় এবার ১৪ হাজার মেট্রিক টন ধান ক্রয় করা হবে। চলতি মাসের ৩ তারিখ থেকে এ জেলার সবকয়টি গুদামে ৩৬ টাকা কেজি সরকারি মূল্য ধান ক্রয় শুরু হয়েছে। ইতোমধ্যেই এ জেলায় প্রায় ৫৭ মেট্রিক টন ধান ক্রয় করা হয়েছে।

এ বিষয়ে জেলা কৃষি বিভাগের উপ-পরিচালক একেএম মঞ্জুরে মাওলা আলোকিত বাংলাদেশকে বলেন, এবার ইরি-বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। এ চাষাবাদে সংশ্লিষ্ট কৃষি বিভাগ কৃষকদের পরামর্শ দিয়েছে। এলাকা ভিত্তিক এখন এ ধান কাটা ও মাড়াই শুরু হয়েছে। ইতোমধ্যেই প্রায় ৪০% ধান কাটা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

সিরাজগঞ্জ,ইরি-বোরো,ধান কাটা,বাম্পার ফলন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত