ঢাকা শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ | বেটা ভার্সন

পদ্মা ব্যারেজ প্রকল্পের অনুমোদনে হাবাসপুরে বিএনপির আনন্দ মিছিল

পদ্মা ব্যারেজ প্রকল্পের অনুমোদনে হাবাসপুরে বিএনপির আনন্দ মিছিল

বহুল প্রত্যাশিত পদ্মা ব্যারেজ প্রকল্প একনেক সভায় অনুমোদন পাওয়ায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর এবং রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য হারুন অর রশিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে দোয়া ও আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৫ মে) বিকেল সাড়ে ৫টার দিকে পাংশা উপজেলার হাবাসপুর খেয়াঘাট এলাকায় পাংশা উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা পরিষদের প্রশাসক আব্দুস সালাম মিয়া।

এছাড়াও উপস্থিত ছিলেন পাংশা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক সোহরাব হোসেন মাস্টার, পৌর বিএনপির সভাপতি মো. বাহারাম হোসেন, সাধারণ সম্পাদক মো. রইস উদ্দিন খান, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান লিখন-সহ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আব্দুস সালাম মিয়া বলেন, “মাত্র তিন মাসের ব্যবধানে সরকার দেশের অন্যতম বৃহৎ প্রকল্প পদ্মা ব্যারেজ বাস্তবায়নের পথে এগিয়ে নিয়েছে। এজন্য প্রধানমন্ত্রী, অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা এবং সংসদ সদস্য হারুন অর রশিদের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই।”

তিনি বলেন, “পদ্মা ব্যারেজ প্রকল্প বাস্তবায়িত হলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, সেচ, নৌ যোগাযোগ ও সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচিত হবে।”

তিনি আরও বলেন, “বহুল প্রত্যাশিত এই পদ্মা ব্যারেজের রূপকার ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আজ তার স্বপ্ন বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে দেশ।”

শেষে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, আরাফাত রহমান কোকোসহ দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

পদ্মা ব্যারেজ প্রকল্প,অনুমোদন,হাবাসপুর,বিএনপি,আনন্দ মিছিল
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত