ঢাকা রোববার, ১৭ মে ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ | বেটা ভার্সন

ভূমিসেবা মেলার মাধ্যমে সেবাগ্রহীতারা সহজেই সেবা পাবেন: নারায়ণগঞ্জের ডিসি

ভূমিসেবা মেলার মাধ্যমে সেবাগ্রহীতারা সহজেই সেবা পাবেন: নারায়ণগঞ্জের ডিসি

ডিজিটাল ভূমি সেবাকে তৃণমূল পর্যায়ে নিয়ে যেতে জেলা প্রশাসন নিরলস কাজ করছে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির।

তিনি বলেন, বর্তমানে নারায়ণগঞ্জে ৫টি উপজেলা ভূমি অফিস, ৪টি রাজস্ব সার্কেল ও ৯টি ভূমিসেবা সহায়তা কেন্দ্রের মাধ্যমে সেবা দেওয়া হচ্ছে। পর্যায়ক্রমে জেলার প্রতিটি ইউনিয়নে একটি করে সহায়তা কেন্দ্র স্থাপনের কাজ চলছে।

‘ভূমিসেবা মেলা ২০২৬’ উপলক্ষ্যে রবিবার (১৭ মে) সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান।

সংবাদ সম্মেলনে জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক্স ও অনলাইন পোর্টালের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক আরও বলেন, জনবান্ধব, স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর ভূমিসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে নারায়ণগঞ্জে শুরু হচ্ছে তিন দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’। ভূমি মন্ত্রণালয়ের নির্দেশনায় জেলা প্রশাসনের উদ্যোগে আগামী ১৯ মে থেকে ২১ মে পর্যন্ত এই মেলা অনুষ্ঠিত হবে। মেলার মূল লক্ষ্য ভূমিসেবা ডিজিটালাইজেশন সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং নাগরিকদের কোনো প্রকার ঝামেলা ছাড়াই দ্রুত ও সহজ সেবা নিশ্চিত করা।

তিনি বলেন, স্বচ্ছ, সহজ ও আধুনিক ভূমিসেবা নিশ্চিত করতে এই মেলা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমরা চাই প্রত্যন্ত অঞ্চলের মানুষও যেন প্রযুক্তিনির্ভর ভূমিসেবার সুফল পান। আমি আশা করছি, এই ভূমিসেবা মেলার মাধ্যমে সেবাগ্রহীতারা কোনো প্রকার ঝামেলা ছাড়াই খুব সহজেই তাদের কাঙ্ক্ষিত সেবা পাবেন।

উল্লেখ্য, মেলার প্রথম দিন, ১৯ মে সকালে শহরের খানপুর হাসপাতাল সংলগ্ন উপজেলা ভূমি কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হবে। এতে স্থানীয় সংসদ সদস্য, রাজনৈতিক নেতা, শিক্ষক, সাংবাদিক, সরকারি কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি ও শিক্ষার্থীরা অংশ নেবেন।

একই দিন সকাল সাড়ে ১০টায় ঢাকার ভূমি ভবনে কেন্দ্রীয় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ভার্চুয়ালি যুক্ত হয়ে দেশব্যাপী এই মেলার শুভ উদ্বোধন করবেন। এরপর নারায়ণগঞ্জের সংসদ সদস্যদের সঙ্গে নিয়ে জেলা পর্যায়ের মেলা প্রাঙ্গণ থেকে বেলুন ও ফেস্টুন উড়িয়ে স্থানীয়ভাবে মেলার আনুষ্ঠানিক সূচনা করা হবে।

এছাড়াও ভূমিসেবা মেলা উপলক্ষে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন। এর মধ্যে ১৮ মে অনুষ্ঠিত হবে শিক্ষার্থীদের জন্য ভূমি বিষয়ক বিশেষ কুইজ প্রতিযোগিতা। ১৯ মে মেলার আনুষ্ঠানিক উদ্বোধনের পর সচেতনতামূলক কার্যক্রম। ২০ মে এক সেমিনারে ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিশদ আলোচনা করা হবে।

এ ছাড়াও মেলা প্রাঙ্গণে আগত নাগরিকেরা তাৎক্ষণিকভাবে বেশ কিছু গুরুত্বপূর্ণ সুবিধা পাবেন, যার মধ্যে রয়েছে- অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধ ও ই-নামজারি আবেদন। ক্ষতিপূরণের চেক বিতরণ। খতিয়ানের সার্টিফাইড কপি সরবরাহ ও মৌজা ম্যাপ সহায়তা। অনলাইন ডিসিআর প্রদানসহ বিভিন্ন সেবা। এ ছাড়া মেলা চলাকালীন ই-নামজারি, ডিসিআর, খতিয়ান প্রাপ্তি, ভূমি উন্নয়ন কর পরিশোধ এবং ভূমিসেবায় ‘কল সেন্টার ১৬১২’ এর ব্যবহার সম্পর্কে জনগণকে সম্যক ধারণা দেওয়া হবে। দর্শনার্থীদের মাঝে বিতরণ করা হবে ‘ভূমি আমার ঠিকানা’ নামের তথ্যবহুল বুকলেট।

ভূমিসেবা মেলা,সেবাগ্রহীতা,সেবা,নারায়ণগঞ্জের ডিসি,নারায়ণগঞ্জ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত