
জনবান্ধব ও প্রযুক্তিনির্ভর ভূমি ব্যবস্থাপনা গড়ে তুলতে সারাদেশের ন্যায় রাজবাড়ীতে তিন দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা-২০২৬’ এর উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১৯ মে) দুপুরে ‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ’ প্রতিপাদ্যে সদর উপজেলা পরিষদ চত্বরে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়।
র্যালিটি শহরের সার্কিট হাউজ হয়ে পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে বেলুন উড়িয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আফরোজা পারভীন।
এ উপলক্ষ্যে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক সচেতনতামূলক সভার আয়োজন করা হয়। সভায় ভূমিসেবা জনগণের দোরগোড়ায় সহজ, স্বচ্ছ ও অটোমেটেড পদ্ধতিতে পৌঁছে দেওয়া এবং এ বিষয়ে নাগরিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নিরুপমা রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আশিক উন নবী তালুকদার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. তারিফ-উল-হাসান, সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম কুমার ঘোষসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আফরোজা পারভীন বলেন, “ভূমিসেবা এখন অনেক বেশি প্রযুক্তিনির্ভর ও জনবান্ধব হয়েছে। ডিজিটাল পদ্ধতির মাধ্যমে সাধারণ মানুষকে দ্রুত, সহজ ও স্বচ্ছ সেবা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য। ভূমিসংক্রান্ত হয়রানি কমাতে এবং সেবার মান উন্নয়নে অটোমেশন কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।”
তিনি আরও বলেন, ভূমিসেবা বিষয়ে জনগণের সচেতনতা বৃদ্ধি এবং অনলাইনভিত্তিক সেবা ব্যবহারে মানুষকে উৎসাহিত করতে এ ধরনের মেলার আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠান শেষে ভূমিসেবা মেলার স্টলগুলো পরিদর্শন করেন প্রধান অতিথিসহ অন্যান্যরা।