
ছাগলে সজনে গাছের পাতা খাওয়াকে কেন্দ্র করে পাবনার ঈশ্বরদী উপজেলায় দুই প্রতিবেশীর মধ্যে মারামারিতে মাহাবুল হোসেন (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ।
রোববার (২৪ মে) দুপুরের দিকে উপজেলার সাহাপুর ইউনিয়নের সাহাপুর পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মাহাবুল হোসেন সাহাপুর পুর্বপাড়ার মৃত আজু প্রামাণিকের ছেলে।
এ ঘটনায় আটক হয়েছেন প্রতিবেশী আবুল বাশার মুন্সি।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে নিহত মাহাবুলের একটি ছাগল প্রতিবেশী আবুল বাশার মুন্সীর সজনে গাছের পাতা খেয়েছিল। বিষয়টি নিয়ে আজ বেলা ১২টার দিকে উভয়পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এতে মাহাবুল গুরুতর আহত হন। এসময় তাকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মাহাবুলের মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান জানান, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে আবুল বাশার মুন্সিকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।