
কিশোরগঞ্জের মিঠামইন অলওয়েদার সড়কে চালবোঝাই একটি পিকআপের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত হয়েছেন।
সোমবার (২৫ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মিঠামইন-অষ্টগ্রাম অলওয়েদার সড়কের হাওরাঞ্চলের মাঝামাঝি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, মিঠামইন উপজেলার মহিষাকান্দি গ্রামের মনির হোসেন (৩৫), তার স্ত্রী মুন্নি আক্তার (৩০) এবং তাদের ৬ বছর বয়সী ছেলে আয়ান।
মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. লিয়াকত আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, সন্ধ্যায় চালবোঝাই একটি পিকআপ মিঠামইন থেকে অলওয়েদার সড়ক হয়ে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল। পথে ভাতশালা সেতুর আগে অষ্টগ্রাম থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে পিকআপটির মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে মোটরসাইকেলে থাকা স্বামী-স্ত্রী ও তাদের সন্তান ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পিকআপের চালককে আটক করে। পাশাপাশি দুর্ঘটনাকবলিত পিকআপটিও জব্দ করা হয়েছে।
এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন ওসি মো. লিয়াকত আলী।