
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার হাসাড়া বাসস্ট্যান্ডে অটোরিকশার ভাড়া নিয়ে তর্ক-বিতর্কের জেরে এক যাত্রীর মৃত্যুর ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (২ জুন) বিকেলে এ ঘটনা ঘটে। নিহত আবুল কালাম শেখ (৫৫) হাসাড়া ইউনিয়নের বাসিন্দা ও শুক্কুর শেখের ছেলে। তিনি তিন সন্তানের জনক।
প্রত্যক্ষদর্শী, স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, সিরাজদিখান উপজেলার চালতিপাড়া এলাকা থেকে স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে হাসাড়া বাসস্ট্যান্ডে আসেন আবুল কালাম। সেখান থেকে আনসার ক্যাম্প সংলগ্ন এলাকায় যাওয়ার জন্য একটি অটোরিকশায় উঠতে গেলে চালক জনপ্রতি ৫০ টাকা ভাড়া দাবি করেন। অথচ ওই রুটে প্রচলিত ভাড়া ২০ টাকা।
অতিরিক্ত ভাড়া চাওয়াকে কেন্দ্র করে আবুল কালামের সঙ্গে অটোরিকশা চালকের বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে চালক তাকে ঘুষি মারেন। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন ও স্বজনরা তাকে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের স্ত্রী সূর্য বান জানান, ‘আমরা হাসাড়া বাসস্ট্যান্ডে নামার পর আনসার ক্লাবের পাশে যাওয়ার জন্য অটোরিকশা ভাড়া করতে চাই। চালক অতিরিক্ত ভাড়া দাবি করলে আমার স্বামী এর প্রতিবাদ করেন। একপর্যায়ে তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। আমি বিষয়টি মীমাংসার চেষ্টা করছিলাম। তখন চালক আমার স্বামীকে বুকে ঘুষি দিলে তিনি মাটিতে পড়ে যান। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
নিহতের ভাই রজ্জব শেখ বলেন, ‘ঘটনার পর আশপাশের দোকানদার ও স্থানীয় লোকজনের কাছে খোঁজ নিয়ে জানতে পেরেছি, অভিযুক্ত অটোরিকশা চালকের নাম জামাল। তিনি পুটিমারা গ্রামের বারেকের ছেলে এবং হাসাড়া এলাকার বাবুর মেয়ের জামাতা।’
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহতের স্বজনরা অভিযুক্ত চালকের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
শ্রীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) জুয়েল মিয়া বলেন, ‘এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’