
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার হাটদেলুয়া বটতলা মোড় থেকে গোয়ালজানি আইনুল হক বাজার পর্যন্ত জনগুরুত্বপূর্ণ সড়কের বিভিন্ন স্থানে গর্ত ও খানাখন্দের সৃষ্টি হয়েছে। এতে এলাকাবাসী দীর্ঘদিন ধরে চরম দুর্ভোগ পোহাচ্ছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উপজেলা এলজিইডি বিভাগের আওতাধীন ওই ২ কিলোমিটার সড়ক দীর্ঘদিন সংস্কার না হওয়ায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। প্রায় দুই যুগ আগে এলজিইডি বিভাগ জনস্বার্থে সড়কটি পাকাকরণ করেছিল। পাকাকরণের পর থেকে সড়কে আর কোনো সংস্কার কাজ হয়নি। এ কারণে জনগুরুত্বপূর্ণ এ সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত ও খানাখন্দের সৃষ্টি হয়েছে। এমনকি সড়কের দুই পাশেও ধস ও ভয়াবহ গর্ত দেখা দিয়েছে।
সামান্য বৃষ্টি হলেই এ সড়ক দিয়ে চলাচল প্রায় অযোগ্য হয়ে পড়ে। আধা ঘণ্টার পথ পাড়ি দিতে এখন প্রায় দুই ঘণ্টা সময় লাগছে। বিশেষ করে কৃষক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন।
এ ভোগান্তি থেকে মুক্তি পেতে স্থানীয়রা একাধিকবার উপজেলা প্রশাসনের কাছে সড়কটি সংস্কারের আবেদন করলেও তা কাজে আসেনি। ফলে এলাকাবাসীর দুর্ভোগের শেষ নেই।
স্থানীয়রা জানান, হাটদেলুয়া বটতলা মোড় থেকে চৌধুরীগাতি পুকুরের পূর্বপাড়ের দক্ষিণ কোণা মোড় পর্যন্ত গ্রামের ভেতর দিয়ে বয়ে যাওয়া পাকা সড়কের কার্পেটিং কয়েক বছর আগেই উঠে গেছে। প্রায় দুই যুগ আগে সড়কটি পাকাকরণ ও কার্পেটিংয়ের কাজ করা হয়েছিল। বর্তমানে পুরোনো কার্পেটিং প্রায় পুরোপুরি উঠে যাওয়ায় চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
এ বিষয়ে উপজেলা প্রকৌশলী মো. শহিদুল্লাহ বলেন, “জনস্বার্থে ওই সড়কটি সংস্কারের উদ্যোগ নেওয়া হবে। ইতোমধ্যে সড়ক সংস্কারের প্রক্রিয়া শুরু করা হয়েছে।”
সিরাজগঞ্জ এলজিইডি বিভাগের নির্বাহী প্রকৌশলী রেজাউর রহমান আলোকিত বাংলাদেশকে বলেন, “গ্রামীণ অবকাঠামোর এ সড়ক সংস্কারের জন্য উপজেলা প্রকৌশলীকে ইতোমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে। অল্প দিনের মধ্যেই সড়ক সংস্কারের দরপত্র আহ্বান করা হতে পারে।”