ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ | বেটা ভার্সন

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে তিন নারীসহ ৫ জনের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে তিন নারীসহ ৫ জনের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের তিনটি উপজেলায় বজ্রপাতে তিন নারীসহ ৫ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে বৃষ্টির সময় বজ্রপাত হলে তাদের মৃত্যু হয়। এর মধ্যে শিবগঞ্জ উপজেলার ৩ জন আম কুড়াতে গিয়ে বজ্রাঘাতে নিহত হন।

মৃতরা হলেন— চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আতাহার এলাকার মো. রাব্বিলের ছেলে আব্দুল্লাহ, শিবগঞ্জ উপজেলার চককীর্তি ইউনিয়নের চকনরেন্দ্র গ্রামের আব্দুর রবের স্ত্রী মাহমুদা আক্তার, রানীবাড়ি বাজারপাড়ার আবুল কাশেমের মেয়ে সাদিয়া খাতুন, মোবারকপুর ইউনিয়নের শিকারপুর দক্ষিণপাড়ার ফিটু আলীর ছেলে মো. মেসবাউল এবং নাচোল উপজেলার লাহাবাড়ি গ্রামের সুমিয়ারা বেগম।

শিবগঞ্জ থানার ওসি মতিউর রহমান জানান, শিবগঞ্জে তিনজন বজ্রপাতে মারা গেছেন। তারা সবাই বৃষ্টির সময় বাড়ির পাশের আমবাগানে আম কুড়াতে গিয়েছিলেন। সেখানেই বজ্রপাতে তাদের মৃত্যু হয়।

অন্যদিকে, সদর মডেল থানার ওসি একরামুল হোসাইন জানান, বিকেলে বৃষ্টির মধ্যে মাঠ থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতে গুরুতর আহত হন আব্দুল্লাহ। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এছাড়া নাচোল উপজেলার লাহাবাড়ি গ্রামে মাঠে ঘাস কাটতে গিয়ে বৃষ্টি শুরু হলে বাড়ি ফেরার পথে বজ্রপাতে মারা যান সুমিয়ারা বেগম। বিষয়টি নিশ্চিত করেছেন নাচোল থানার ওসি সুকোমল চন্দ্র দেবনাথ।

এই মর্মান্তিক দুর্ঘটনার পর নিহতদের প্রতিটি পরিবারকে প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে।

শিবগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান জানিয়েছেন, শিবগঞ্জের নিহত তিন পরিবারের প্রত্যেককে ২৫ হাজার টাকা করে অর্থ সহায়তা দেওয়া হবে।

একইভাবে সদর ও নাচোল উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও আর্থিক অনুদান প্রদানের আশ্বাস দেওয়া হয়েছে।

মৃত্যু,তিন নারীসহ ৫ জন,বজ্রপাত,চাঁপাইনবাবগঞ্জ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত