
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার আগদিঘলগ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের কমপক্ষে ১৩ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৭ জনকে বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
উল্লাপাড়া মডেল থানার ওসি মোক্তারুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আলোকিত বাংলাদেশকে জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সরকার, সরদার গং এবং প্রামানিক গং-এর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।
এরই জের ধরে প্রামানিক গোষ্ঠীর নাসির মাস্টারকে গ্রামে ঢুকতে দিত না প্রতিপক্ষরা। বৃহস্পতিবার বিকেলে নাসির মাস্টার বাড়িতে গেলে সরদার ও সরকার গোষ্ঠীর লোকজন হামলা চালায়। এ ঘটনাকে কেন্দ্র করে ওইদিন রাতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।
সংঘর্ষে বাড়িঘর ভাঙচুর, ইটপাটকেল নিক্ষেপ ও লুটপাটের ঘটনা ঘটে এবং উভয় পক্ষের ১৩ জন আহত হন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
নতুন করে সংঘর্ষের আশঙ্কায় সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।