
পাবনা আঞ্চলিক পাসপোর্ট অফিসের দুই কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও হয়রানির অভিযোগ এনে তাদের অপসারণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ভুক্তভোগী সেবাগ্রহীতা ও স্থানীয় বাসিন্দারা।
সোমবার (৮ জুন) দুপুরে পাবনা শহরের চকছাতিয়ানী এলাকায় আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন থেকে পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক আহসান উদ্দিন এবং কন্ট্রোল অপারেটর ইমামুল হোসেন-এর দ্রুত অপসারণ দাবি জানানো হয়।
কর্মসূচিতে অংশ নেওয়া ব্যক্তিরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে ওই দুই কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ গ্রহণ, বিভিন্ন অনিয়ম, সেবাগ্রহীতাদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ এবং হয়রানির অভিযোগ রয়েছে। তাদের দাবি, নির্ধারিত চাহিদা অনুযায়ী ঘুষ না দিলে আবেদনকারীদের নানাভাবে হয়রানি করা হয়।
বক্তারা আরও বলেন, প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার পরও অনেক আবেদনকারীকে অযৌক্তিক কারণ দেখিয়ে বারবার অফিসে আসতে বাধ্য করা হচ্ছে। ফলে সাধারণ মানুষকে অতিরিক্ত সময় ও অর্থ ব্যয় করে ভোগান্তি পোহাতে হচ্ছে।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা দ্রুত অভিযোগগুলোর তদন্ত করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।