ঢাকা শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ | বেটা ভার্সন

রূপপুরে আইএইএর উচ্চপর্যায়ের পরিদর্শন শুরু, যা বললেন মন্ত্রী

রূপপুরে আইএইএর উচ্চপর্যায়ের পরিদর্শন শুরু, যা বললেন মন্ত্রী

দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প রূপপুর বাণিজ্যিক উৎপাদনের দ্বারপ্রান্তে পৌঁছানোর প্রেক্ষাপটে এর সার্বিক নিরাপত্তা ও কারিগরি সক্ষমতা মূল্যায়নে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) তিন সদস্যের একটি উচ্চপর্যায়ের কারিগরি দল পরিদর্শন শুরু করেছে।

এদিকে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, “পারমাণবিক প্রযুক্তিতে আমাদের এই বিনিয়োগ আসলে জাতীয় উন্নয়ন, উদ্ভাবন এবং মানুষের কল্যাণের পেছনে বিনিয়োগ।”

শুক্রবার (১২ জুন) বিকেলে পাবনার ঈশ্বরদীর স্বপ্নদ্বীপ রিসোর্টের সভাকক্ষে অনুষ্ঠিত "High-Level Strategic Roundtable Discussion: Nuclear Energy: Strategy, Realities and Bangladesh's Path Forward" শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, পারমাণবিক শক্তি ব্যবহারের সঙ্গে যেমন উন্নয়নের সুযোগ তৈরি হয়, তেমনি এর সঙ্গে বড় ধরনের দায়িত্বও জড়িত। একটি সফল পারমাণবিক কর্মসূচির জন্য শুধু প্রযুক্তি ও অবকাঠামো নয়, প্রয়োজন দক্ষ মানবসম্পদ, শক্তিশালী প্রতিষ্ঠান, কার্যকর নিয়ন্ত্রণ ব্যবস্থা, স্বচ্ছতা, জবাবদিহিতা এবং নিরাপত্তা ও সুরক্ষার সুদৃঢ় সংস্কৃতি।

তিনি বলেন, গত ২৮ এপ্রিল রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে নিউক্লিয়ার ফুয়েল লোডিংয়ের মাধ্যমে বাংলাদেশ একটি ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করেছে। এর মধ্য দিয়ে শান্তিপূর্ণ উদ্দেশ্যে পারমাণবিক শক্তির ব্যবহারকারী উন্নত প্রযুক্তিসম্পন্ন দেশগুলোর কাতারে বাংলাদেশ যুক্ত হয়েছে।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী আরও বলেন, দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সঙ্গে জ্বালানির চাহিদাও বাড়ছে। শিল্পায়ন, ব্যবসা-বাণিজ্য, নাগরিক সেবা এবং মানুষের জীবনমান উন্নয়নে নির্ভরযোগ্য, সাশ্রয়ী ও টেকসই জ্বালানির বিকল্প নেই। সেই প্রেক্ষাপটে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র জাতীয় জ্বালানি নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি জানান, কেন্দ্রটি পূর্ণাঙ্গভাবে চালু হলে জাতীয় গ্রিডে প্রায় ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হবে। পাশাপাশি পারমাণবিক প্রযুক্তি কেবল বিদ্যুৎ উৎপাদনেই সীমাবদ্ধ নয়; স্বাস্থ্যসেবা, কৃষি, শিল্প, খাদ্য নিরাপত্তা, পানি ব্যবস্থাপনা, পরিবেশ পর্যবেক্ষণ এবং বৈজ্ঞানিক গবেষণাতেও এর গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।

মন্ত্রী বলেন, পারমাণবিক কর্মসূচির সফল বাস্তবায়নের জন্য জনগণের আস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্য উন্মুক্ত যোগাযোগ, সচেতনতা বৃদ্ধি এবং দায়িত্বশীল নেতৃত্ব প্রয়োজন।

তিনি আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ)-এর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, বাংলাদেশের পারমাণবিক যাত্রায় সংস্থাটি দীর্ঘদিন ধরে বিশ্বস্ত অংশীদার হিসেবে প্রযুক্তিগত সহায়তা, বিশেষজ্ঞ পরামর্শ ও সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

ফকির মাহবুব আনাম আশা প্রকাশ করে বলেন, আগামী আগস্টের শেষ দিকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে এবং ২০২৭ সালের এপ্রিল মাসে দ্বিতীয় ইউনিটে নিউক্লিয়ার ফুয়েল লোডিং সম্পন্ন করা সম্ভব হবে।

তিনি আরও বলেন, এই বিদ্যুৎ কেন্দ্রের কারণে ঈশ্বরদী অঞ্চলের ব্যাপক উন্নয়ন হবে এবং এলাকাটি একটি মেগা সিটিতে রূপ নেবে। একই সঙ্গে ঈশ্বরদী বিমানবন্দর পুনরায় চালুর বিষয়েও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা চলছে।

সেমিনারে সভাপতিত্ব করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন। অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, পাবনা-৪ আসনের সংসদ সদস্য আবু তালেব মণ্ডল, পাবনা-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সেলিম রেজা হাবিব, অ্যাম্বার গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক শওকত আজিজ রাসেলসহ বিভিন্ন পর্যায়ের অতিথিরা বক্তব্য দেন।

এ সময় বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান ড. এম. মঈনুল ইসলাম এবং প্রধান সমন্বয়ক (এনএসপিসি) ব্রিগেডিয়ার রোবায়েত পারমাণবিক বিদ্যুৎ বিষয়ক পাওয়ার পয়েন্ট উপস্থাপনা করেন। আইএইএর পক্ষে বক্তব্য দেন নিউক্লিয়ার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট সেকশনের টেকনিক্যাল লিড মেহমেত চেইহান।

উল্লেখ্য, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের অপারেশনাল সক্ষমতা ও নিরাপত্তা ব্যবস্থা মূল্যায়নে আইএইএর তিন সদস্যের প্রতিনিধি দল বাংলাদেশ সফর করছে। মেহমেত চেইহানের নেতৃত্বাধীন এ দলে রয়েছেন সিনিয়র নিউক্লিয়ার ইঞ্জিনিয়ার এরিক জিন বার্নার্ড ম্যাথেট। এক সপ্তাহের সফরে তারা প্রকল্পের বিভিন্ন দিক পর্যবেক্ষণ করবেন এবং দুই দিন মূল প্ল্যান্টে সরেজমিন কারিগরি মূল্যায়ন চালাবেন।

প্রকল্পের মিডিয়া ফোকাল পয়েন্ট কর্মকর্তা সৈকত আহমেদ জানান, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বর্তমানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পর্যায়ে রয়েছে। নিরাপদ পরিচালনা নিশ্চিত করতে আইএইএর এই কারিগরি মিশন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

যা বললেন মন্ত্রী,পরিদর্শন শুরু,রূপপুরে আইএইএর উচ্চপর্যায়ের পরিদর্শন শুরু, যা বললেন মন্ত্রী,রূপপুর,আইএইএ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত