
সিরাজগঞ্জে সেবা মুক্ত স্কাউট গ্রুপ দরিদ্র ও দুস্থ মহিলাদের স্বাবলম্বী করার লক্ষ্যে ১৬ জনের মাঝে সেলাই মেশিন বিতরণ করেছে। ‘আর নয় পরনির্ভরশীলতা, নিজ কর্মে বাঁচুক বাংলার নারী’— এ স্লোগানকে সামনে রেখে শনিবার দুপুরে জ্ঞানদায়িনী উচ্চ বিদ্যালয় মাঠে এ সেলাই মেশিন বিতরণ করা হয়।
ওই গ্রুপের সার্বিক ব্যবস্থাপনায় এবং এএম ফস্টার কেয়ারের আর্থিক সহযোগিতায় প্রধান অতিথি হিসেবে সেলাই মেশিন বিতরণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) ও সিরাজগঞ্জ পৌরসভার পৌর প্রশাসক মো. শাহাদাত হুসাইন।
তিনি বলেন, অসহায় মানুষদের জন্য এ ধরনের কর্মকাণ্ড পরিচালনা করা হচ্ছে। এ ধরনের কর্মকাণ্ড নিঃসন্দেহে প্রশংসনীয়। এ উদ্যোগের মাধ্যমে দেশের প্রান্তিক পর্যায়ের মানুষ উপকৃত হবে।
সেবা মুক্ত স্কাউট গ্রুপের সভাপতি এম. এম. কামরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, প্রধান শিক্ষক আইয়ুব আলী, রফিকুল ইসলাম শামীম, প্রভাষক আসলাম হোসেন, ইউনিট লিডার সাংবাদিক আমিনুল ইসলাম, গোলাম মোস্তফা রুবেল, মাসুম বিল্লাহ মাহী প্রমুখ।