
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র সিফু আহমেদ আসিফের (১৯) মৃত্যু হয়েছে। সে ওই উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের আমির হোসেনের ছেলে এবং স্থানীয় সরকারি বেগম নুরুন নাহার কলেজের ছাত্র। এ ঘটনায় এলাকায় ব্যাপক শোকের ছায়া নেমেছে।
রায়গঞ্জ থানার ওসি আহসানুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আলোকিত বাংলাদেশকে বলেন, বিশ্বকাপ ফুটবল খেলা দেখার পর শনিবার ভোররাতে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয় ওই কলেজছাত্র। এ সময় উল্লেখিত স্থানে পৌঁছালে সে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের দেয়ালের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে সে গুরুতর আহত হয়।
তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শজিমেক হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
পুলিশ সকালে ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে এবং কোনো অভিযোগ না থাকায় তা স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।