ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

সবুজ নারায়ণগঞ্জ গড়তে ৫০ হাজার গাছ রোপণের উদ্যোগ: নাসিক প্রশাসক

সবুজ নারায়ণগঞ্জ গড়তে ৫০ হাজার গাছ রোপণের উদ্যোগ: নাসিক প্রশাসক

নারায়ণগঞ্জকে সবুজ নগরী হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন খান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে সুন্দর ও সবুজ বাংলাদেশে পরিণত করতে এবং মানুষের ভাগ্যোন্নয়নে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের যে কার্যকর কর্মসূচি হাতে নিয়েছেন, তার প্রথম বছর হিসেবে সারাদেশে ৫ কোটি গাছ রোপণ করা হবে।

এর মধ্যে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনকে ৫০ হাজার গাছ রোপণের দায়িত্ব দেওয়া হয়েছে। আমরা এই দায়িত্ব সুচারুভাবে পালন করার সিদ্ধান্ত নিয়েছি।

তিনি বলেন, সবুজের মাধ্যমে নারায়ণগঞ্জকে একটি বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে চাই। এই ৫০ হাজার গাছের রক্ষণাবেক্ষণের জন্য নির্দিষ্ট এলাকার দায়িত্ব নির্দিষ্ট ব্যক্তির ওপর দেওয়া হবে। গাছগুলো দেখে-শুনে বড় করার জন্য তাঁদের পারিশ্রমিক দেওয়া হবে। সকলের সহযোগিতা ছাড়া কোনো কাজ সফল হয় না। তাই সর্বস্তরের নাগরিককে এই কর্মসূচিতে এগিয়ে আসার আহ্বান জানাই।

প্রধানমন্ত্রী ঘোষিত ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। শনিবার (১৩ জুন) সকালে কক্সবাজারে প্রধানমন্ত্রী কর্মসূচির উদ্বোধন করার পর বেলা ১১টায় দেওভোগের নারায়ণগঞ্জ সিটি পার্কে চারা রোপণের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন খান একটি সোনালু গাছের চারা রোপণ করে কর্মসূচির সূচনা করেন। প্রথম পর্যায়ে ঝাউ, বেল, অর্জুন, সোনালু, জারুল, মেহগনি ও পাকুড়সহ মোট ৮ প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা নূর কুতুবুল আলম, প্রধান প্রকৌশলী আজগর হোসেন, প্রধান সমাজকল্যাণ কর্মকর্তা ফরিদ আহমেদ মিরাজ, সাবেক প্যানেল মেয়র আফসানা আফরোজ বিভা, ১৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ এবং মহানগর মহিলা দলের সভাপতি দিলারা মাসুদ ময়না।

এ সময় নাসিক প্রশাসক আরও বলেন, তারেক রহমানের ঘোষিত এই কর্মসূচি শুধু একটি রাজনৈতিক উদ্যোগ নয়, বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ, সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ার একটি অঙ্গীকার। পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তাই দেশের প্রতিটি নাগরিককে এ কর্মসূচির সঙ্গে সম্পৃক্ত হতে হবে।

তিনি আরও বলেন, আমরা কেবল গাছ রোপণই করব না, সেগুলো যাতে অক্ষত থাকে এবং সঠিকভাবে বেড়ে ওঠে সেই ব্যবস্থাও করব। সরকারি নির্দেশনা অনুযায়ী জেলার বিভিন্ন খাল খননের পর খালের পাড়ে তাল, খেজুর, চালতা, নারকেল ও কৃষ্ণচূড়াসহ বিভিন্ন প্রজাতির গাছ রোপণ করা হবে। গাছগুলো সুরক্ষার জন্য বেড়া দিয়ে ঘেরাও করা হবে, যেন এই কর্মসূচি টেকসই হয় এবং এর সুফল নারায়ণগঞ্জবাসী পায়।

নাসিক প্রশাসক,গাছ রোপণের উদ্যোগ,৫০ হাজার গাছ,সবুজ নারায়ণগঞ্জ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত