ঢাকা মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে আন্তঃজেলা ডাকাত চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

সিরাজগঞ্জে আন্তঃজেলা ডাকাত চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

সিরাজগঞ্জে কামারখন্দ থানা পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন— সিরাজগঞ্জের এনায়েতপুর থানার পাকড়তলা গ্রামের মোকাদ্দেস (৬২), হৃদয় হাসান (২৬), গোপরেখী পশ্চিমপাড়া গ্রামের ইমদাদুল হক (৩০), শাহজাদপুর থানার বাওসাগরি গ্রামের সুজন (৩১) এবং নাটোরের সিংড়া থানার সোনাপুর গ্রামের সবুজ (৩১)।

কামারখন্দ থানার ওসি হাশমত আলী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আলোকিত বাংলাদেশকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতুর দিকনির্দেশনায় রোববার মধ্যরাত থেকে সোমবার সন্ধ্যা পর্যন্ত নাটোরের সিংড়া ও সিরাজগঞ্জের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ডাকাতিসহ বিভিন্ন অপরাধের গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। তাদের বিরুদ্ধে ডাকাতি, চুরি ও অপহরণের ২৫টি মামলা রয়েছে। এর আগে তারা এসব মামলায় জামিনে মুক্তি পেয়ে আবারও একই ধরনের অপরাধে জড়িয়ে পড়ে।

পুলিশের দাবি অনুযায়ী, এই চক্রটি পিকআপ ভ্যান ব্যবহার করে বিভিন্ন বড় প্রতিষ্ঠানে দেশীয় অস্ত্র নিয়ে প্রবেশ করত এবং প্রতিষ্ঠানের বৈদ্যুতিক সাবস্টেশনে ব্যবহৃত তার ও বিভিন্ন যন্ত্রাংশ লুট করে নিয়ে যেত।

তাদের গ্রেপ্তারের ফলে এলাকায় স্বস্তি ফিরে এসেছে বলে তিনি উল্লেখ করেন।

গ্রেপ্তার,৫ সদস্য,ডাকাত চক্র,সিরাজগঞ্জ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত