ঢাকা বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

ঈশ্বরদীতে নৌকার ওপর মিলল গুলিবিদ্ধ ব্যক্তির মরদেহ

ঈশ্বরদীতে নৌকার ওপর মিলল গুলিবিদ্ধ ব্যক্তির মরদেহ

পাবনার ঈশ্বরদী ও নাটোরের লালপুর এলাকার পদ্মা নদীর রাইটার চরে গুলিবিদ্ধ অবস্থায় সাহাবুল প্রামানিক (৪২) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৬ জুন) সকালে পদ্মা নদীর তীরে একটি নৌকার ওপর তার মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি নেয়। নিহত সাহাবুল প্রামানিক পাবনার ঈশ্বরদী উপজেলার পৌর এলাকার সাঁড়া গোপালপুর গ্রামের বাসিন্দা। তার পিতার নাম ইউনূস প্রামানিক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সাহাবুলের শরীরে গুলির চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাকে গুলি করে হত্যা করে মরদেহ নৌকার ওপর ফেলে রেখে যায়। তবে হত্যাকাণ্ডের সুনির্দিষ্ট কারণ এবং এর সঙ্গে কারা জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ ঘটনার রহস্য উদ্ঘাটন ও জড়িতদের শনাক্ত করতে তদন্ত শুরু করেছে। পরিবারের সদস্যদের অভিযোগ এবং তদন্তের অগ্রগতির ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, স্থানীয় ও আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে, রাজশাহীর বাঘা, নাটোরের লালপুর, কুষ্টিয়ার দৌলতপুর এবং পাবনার ঈশ্বরদী উপজেলার বিস্তীর্ণ পদ্মার চরাঞ্চল দুর্গম হওয়ায় এসব চর সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। সেখানে গড়ে উঠেছে একাধিক সশস্ত্র সন্ত্রাসী বাহিনী।

গত বছরের ২৭ অক্টোবর দৌলতপুরের পদ্মা নদীর দুর্গম চরে দুর্বৃত্তদের গুলিতে দুই কৃষক নিহতের ঘটনায় মামলা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা গেছে, নিহতরা হলেন আমান মণ্ডল (৩৬) ও নাজমুল মণ্ডল (২৬)। সর্বশেষ গত ৯ জুন আজিজুল হক ঝড়ু ওরফে ঝড়ু মস্তান নিহত হন।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে আরও জানা গেছে, দুর্গম চরাঞ্চল হওয়ায় সন্ত্রাসীদের সহজে গ্রেফতার করা যায় না। পুলিশের উপস্থিতি টের পেলে তারা দুর্গম চরের আরও গভীরে চলে যায়। ফলে তাদের খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়ে।

মরদেহ,গুলিবিদ্ধ ব্যক্তি,ঈশ্বরদী,নৌকার ওপর
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত