
যমুনা সেতু পশ্চিমপাড় সংযোগ মহাসড়কের সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ রেলওয়ে স্টেশন এলাকায় দায়িত্ব পালনকালে ট্রাকচাপায় পুলিশ অফিসার নুরুল ইসলাম (৪৫) নিহত হয়েছেন। তিনি সিরাজগঞ্জ সদর ট্রাফিক পুলিশের সহকারী টাউন সাব ইন্সপেক্টর (এটিএসআই) পদে কর্মরত ছিলেন এবং তিনি বগুড়ার শাহজাহানপুর উপজেলার বোহাইল গ্রামের আফসার আলীর ছেলে।
সিরাজগঞ্জ ট্রাফিক বিভাগের ট্রাফিক ইন্সপেক্টর মোফাখরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আলোকিত বাংলাদেশকে জানান, উক্ত এটিএসআই মঙ্গলবার বিকেলে ওই মহাসড়কে দায়িত্ব পালন করছিলেন। এ সময় ঢাকাগামী দুটি ট্রাক ওভারটেকিং করতে গিয়ে ওই পুলিশ অফিসারকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন এবং তাকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
এ ঘটনায় অপর একটি ট্রাকের চালক গুরুতর আহত হন। ওইদিন সন্ধ্যায় সিরাজগঞ্জ পুলিশ লাইন্সে তার জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজায় পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু ও পদস্থ পুলিশ কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন এবং রাতেই তার লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।