
নাটোরে ৫ বছরের এক শিশুকে ধর্ষণের মামলায় জালাল উদ্দিন নামের এক বৃদ্ধকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. তৈয়ব আলী। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামি আদালতে উপস্থিত ছিলেন। বুধবার দুপুরে এ রায় ঘোষণা করা হয়।
রাজশাহী দ্রুত বিচার ট্রাইব্যুনালের পিপি মুন্সি আবুল কালাম আজাদ জানান, ২০২৩ সালের আগস্ট মাসে নাটোরের গুরুদাসপুর উপজেলার লক্ষীপুর মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার দিন বিকেলে শিশুটি নিজ বাড়ির আঙিনায় খেলাধুলা করছিল।
এ সময় প্রতিবেশী অভিযুক্ত জালাল উদ্দিন কৌশলে শিশুটিকে ফুঁসলিয়ে তার ঘরে ডেকে নিয়ে যায় এবং সেখানে তাকে ধর্ষণ করে।
পরবর্তীতে শিশুটির কান্নাকাটি ও শারীরিক অবস্থা দেখে পরিবারের লোকজন বিষয়টি জানতে পারেন। ঘটনার পরপরই শিশুটির মা বাদী হয়ে গুরুদাসপুর থানায় জালাল উদ্দিনকে একমাত্র আসামি করে ধর্ষণ মামলা দায়ের করেন।
মামলাটি প্রথমে নাটোরে রুজু হয় এবং নাটোর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে এর বিচারিক কার্যক্রম শুরু হয়।
পরবর্তী সময়ে সরকারি গেজেট নোটিফিকেশনের মাধ্যমে মামলাটি দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করা হয়। সেখানে দীর্ঘ শুনানি ও সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আজ এ রায় প্রদান করেন।