ঢাকা শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

টাঙ্গাইলে পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু

টাঙ্গাইলে পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু

টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার আটিয়া ইউনিয়নের নাল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে শুক্রবার (১৯ জুন) দুপুরে পুকুরের পানিতে ডুবে চাচা-ভাতিজার মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতরা হলেন— দেলদুয়ার উপজেলার নাল্লাপাড়া গ্রামের রিপন চৌধুরীর ছেলে আব্দুর রহমান (১২) এবং একই গ্রামের নুর মোহাম্মদের ছেলে ফয়সাল (৭)। সম্পর্কে তারা চাচা-ভাতিজা। দেলদুয়ার থানার অফিসার ইনচার্জ (ওসি) সাখাওয়াত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, শুক্রবার সকালে দুই শিশু সাইকেল নিয়ে নাল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে খেলতে যায়। খেলার একপর্যায়ে বিদ্যালয়ের পাশের পুকুরে তারা গোসল করতে নামে। গোসলের সময় ভাতিজা ফয়সাল পানিতে ডুবে গেলে চাচা আব্দুর রহমান তাকে বাঁচাতে গিয়ে দুজনেই মারা যায়। পরে স্থানীয় লোকজন বিষয়টি দেখতে পেয়ে তাদের উদ্ধার করে দেলদুয়ার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

আটিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম মল্লিক জানান, মৃত দুই শিশু সম্পর্কে চাচা-ভাতিজা। তারা সাইকেল নিয়ে বাড়ির পাশের স্কুল মাঠে খেলতে যায়। খেলা শেষে দুজনে পাশের একটি দোকানে কলা খেয়ে পুকুরে গোসল করতে নামে। গোসলের সময় সম্ভবত সাত বছরের ফয়সাল পানিতে ডুবে যায়। তাকে উদ্ধার করতে আব্দুর রহমান পানিতে নামে। সেখানে তাকে উদ্ধার করতে ব্যর্থ হয়ে দুজনেই পানিতে ডুবে মারা যায়। এরপর পথচারীরা একজনকে ভাসতে দেখে ছুটে গিয়ে দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

দেলদুয়ার থানার অফিসার ইনচার্জ (ওসি) সাখাওয়াত হোসেন জানান, এ দুর্ঘটনায় নিহত দুইজনের মরদেহ থানায় নিয়ে আসা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

চাচা-ভাতিজার মৃত্যু,পানিতে ডুবে,টাঙ্গাইল
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত