
সৌদি আরবে হিট স্ট্রোকে মারা যাওয়া প্রবাসী আশিকুল ইসলাম (৩৩)-এর মরদেহ প্রায় এক মাস পর দেশে পৌঁছেছে। বুধবার (১৭ জুন) বিকেলে জানাজা শেষে নেত্রকোনার দুর্গাপুরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
পারিবারিক সূত্রে জানা গেছে, আশিকুল ইসলাম সৌদি আরবের দাম্মাম শহরে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। গত ১৭ মে স্থানীয় সময় সকাল ১০টার দিকে হঠাৎ হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে তিনি মারা যান (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৩ বছর। তিনি স্ত্রী, দুই কন্যা, দুই পুত্র সন্তান, পিতা-মাতাসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
দীর্ঘ এক মাসের আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর তার মরদেহ দেশে আনা সম্ভব হয়। বুধবার দেশে পৌঁছানোর পর বাদ আসর স্থানীয় মসজিদ প্রাঙ্গণে তার জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজায় আত্মীয়-স্বজন, প্রতিবেশী এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ অংশ নেন। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
আশিকুল ইসলামের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তার পরিবার ও স্বজনরা মরহুমের রুহের মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন।