অনলাইন সংস্করণ
১৬:০২, ২০ জুন, ২০২৬
টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইলের মধুপুর উপজেলার জলই এলাকায় একটি পরিত্যক্ত সেফটি ট্যাংকে পড়ে যাওয়া ছাগল উদ্ধার করতে গিয়ে একে একে ট্যাংকের ভেতরে প্রবেশ করে চারজন আদিবাসী ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সদস্যের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২০ জুন) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার টেলকি জলই এলাকায় এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে একটি ছাগল পরিত্যক্ত সেফটি ট্যাংকের ভেতরে পড়ে যায়। ছাগলটিকে উদ্ধার করার জন্য প্রথমে গ্রাব্রিয়েল নকরেক (৪৫) ট্যাংকের ভেতরে নামেন। কিছুক্ষণ পরও তিনি কোনো সাড়া না দিলে তাকে উদ্ধারের জন্য একে একে আরও তিনজন ট্যাংকের ভেতরে প্রবেশ করেন। কিন্তু তারাও আর বাইরে ফিরে আসেননি।
পরে বিষয়টি স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি করলে তারা মধুপুর ফায়ার সার্ভিসকে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘ চেষ্টার পর ট্যাংকের ভেতর থেকে চারজনের মরদেহ উদ্ধার করা হয়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পরিত্যক্ত সেফটি ট্যাংকের ভেতরে বিষাক্ত গ্যাস জমে থাকার কারণে শ্বাসরুদ্ধ হয়ে তাদের মৃত্যু হয়েছে। তবে প্রকৃত কারণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
নিহতরা হলেন টাঙ্গাইলের মধুপুর উপজেলার টেলকি জলই গ্রামের গ্রাব্রিয়েল নকরেক (৪৫) ছেলে রতন নকরেক (২৫), বাবলু হাদিমা (৩৫), নেইমার ম্রং (১০)।
এ মর্মান্তিক ঘটনায় পুরো জলই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের স্বজনদের আহাজারিতে এলাকার পরিবেশ ভাড়ি হয়ে উঠেছে। স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরিত্যক্ত সেফটি ট্যাংক ও কূপে বিষাক্ত গ্যাসের ঝুঁকি সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি যথাযথ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।