
ফরিদপুরের নগরকান্দা উপজেলায় যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবকের মৃত্যু হয়েছে। রোববার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার ডাঙ্গী ইউনিয়নের মশাউজান এলাকায় ফরিদপুর–ভাঙ্গা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন ফাহিম মাতুব্বর (২৩) ও রফিকুল মাতুব্বর (২২)। তারা দুজনই নগরকান্দা উপজেলার চক নাওডুবি গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বরিশাল থেকে ফরিদপুরগামী সাকুরা পরিবহনের একটি বাসের সঙ্গে ফরিদপুর থেকে ভাঙ্গাগামী একটি অ্যাপাচি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়।
ঘটনাস্থলেই মোটরসাইকেলচালক ফাহিম মাতুব্বর নিহত হন। তিনি জাহিদ মাতুব্বরের ছেলে। মোটরসাইকেলের অপর আরোহী রফিকুল মাতুব্বর গুরুতর আহত হন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন। রফিকুল কাওসার মাতুব্বরের ছেলে।
দুর্ঘটনার পর ভাঙ্গা হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সাকুরা পরিবহনের বাস ও দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি জব্দ করে। নিহতদের মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শুরু করা হয়েছে।
ভাঙ্গা হাইওয়ে পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।