
বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উপলক্ষে ফরিদপুরে আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সম্মাননা প্রদান অনুষ্ঠানের মাধ্যমে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (৯ জুলাই) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সোহরাব হোসেন।
সঞ্চালনা করেন পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মো. সাঈদ আনোয়ার। প্রধান অতিথি ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) রায়হান গফুর, ডেপুটি সিভিল সার্জন শাহ মো. বদরুদ্দোজা এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মোহাম্মদ শাহাদুজ্জামান।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সাংবাদিক পান্না বালা, সঞ্জীব দাস ও এস. এম. মনিরুজ্জামান, ফরিদপুর ইটভাটা বালি সমিতির সভাপতি আব্দুর রউফ মিয়া, পরিচর্যা হাসপাতালের পরিচালক ও ফরিদপুর পৌরসভার সাবেক ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আনিসুর রহমান, ব্লাস্টের সমন্বয়কারী শিপ্রা গোস্বামী, এফডিএর নির্বাহী পরিচালক আজহারুল ইসলাম, এসডিসির নির্বাহী পরিচালক কাজী আশরাফুল হাসান এবং বিএফএফের নির্বাহী পরিচালক এএনএম ফজলুল হাদী সাব্বিরসহ বিভিন্ন সরকারি, বেসরকারি ও স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, পরিবেশ রক্ষা শুধু সরকারের একার দায়িত্ব নয়; সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত উদ্যোগেই একটি নিরাপদ, সবুজ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তোলা সম্ভব। ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুস্থ পরিবেশ নিশ্চিত করতে সবাইকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান তারা।
বক্তারা নিয়মিত বৃক্ষরোপণ ও গাছের পরিচর্যার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ব্যবহার কমিয়ে পাটজাত ও পরিবেশবান্ধব পণ্যের ব্যবহার বাড়ানোর আহ্বান জানান। পরিবেশ সংরক্ষণে ব্যক্তি, পরিবার ও প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগের ওপরও গুরুত্ব দেন তারা।
অনুষ্ঠানের শেষ পর্বে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী ১২ জনের হাতে ক্রেস্ট ও সম্মাননা তুলে দেন অতিথিরা।
এ সময় বিজয়ীদের অভিভাবক, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, এনজিও কর্মী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।