ঢাকা শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

খাদ্যে ভেজালেই বাড়ছে ক্যান্সার ও কিডনি রোগ: রোকন-উদ-দৌলা

খাদ্যে ভেজালেই বাড়ছে ক্যান্সার ও কিডনি রোগ: রোকন-উদ-দৌলা

সাবেক অতিরিক্ত সচিব, ঢাকার সাবেক মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এবং ভেজালবিরোধী অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনার পথিকৃৎ মো. রোকন-উদ-দৌলা বলেছেন, দেশে ভেজাল ও অস্বাস্থ্যকর খাবারের কারণে লিভার সিরোসিস, কিডনি নষ্ট হওয়া, গ্যাস্ট্রিক ও ক্যান্সারের মতো রোগ বাড়ছে। তাই অস্বাস্থ্যকর খাবার পরিহার করতে হবে।

তিনি বলেন, আপনার এলাকায় বা আশপাশে কেউ যদি খাবারে ভেজাল মেশায় বা ভেজাল খাদ্য বিক্রি করে, তবে তার বিরুদ্ধে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে অভিযোগ করতে পারেন।

খাদ্যে ভেজালের কারণে দেশে ক্যান্সার ও কিডনি রোগের মতো মারাত্মক ব্যাধি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে উল্লেখ করে তিনি হোটেল-রেস্তোরাঁ ব্যবসায়ীদের উদ্দেশে বলেন, “আপনারা বেশি লাভের আশায় অস্বাস্থ্যকর খাবার পরিবেশন করবেন না।”

শুক্রবার বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে গজারিয়ার বালুয়াকান্দিতে শাহ শের আলী গ্রুপের নতুন উদ্যোগ ‘ন্যাচার লাউঞ্জ’-এর উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, “ন্যাচার লাউঞ্জ প্রতিষ্ঠানটি সবসময় স্বাস্থ্যসম্মত খাবার পরিবেশন করবে। এতে প্রতিষ্ঠানটির প্রতি মানুষের আস্থা বাড়বে।”

প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী ড. মুহাম্মদ আব্দুল মান্নান সরকারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রিয় কথাসাহিত্যিক, নাট্যকার, মোটিভেশনাল স্পিকার এবং আন্তর্জাতিক মানের পর্যটনবিষয়ক সাময়িকী ‘ভ্রমণ’-এর সম্পাদক আবু সুফিয়ান; কবি ও ইসলামী চিন্তাবিদ মোহাম্মদ কামরুজ্জামান তরুণ; এবং বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’-এর ‘নাতি’ চরিত্রে অভিনয়ের জন্য পরিচিত শওকত আলী তালুকদার নিপু।

এ ছাড়া উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জের কাগজ-এর সম্পাদক মো. আরফিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পরিবেশবিদ কাজী হাসান। অনুষ্ঠানে গজারিয়া উপজেলার প্রায় শতাধিক সংবাদকর্মী উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, প্রায় দুই দশকের সেবার অভিজ্ঞতা, মানবকল্যাণের অঙ্গীকার এবং মানসম্মত বিপণন দর্শনের প্রতিফলন হিসেবে ‘ন্যাচার লাউঞ্জ’ প্রতিষ্ঠিত হয়েছে। এটি প্রচলিত হাইওয়ে রেস্তোরাঁর ধারণাকে নতুন মাত্রা দিয়ে একই ছাদের নিচে মিলিয়েছে প্রকৃতি, বিশুদ্ধ খাবার, আধুনিক সেবা ও পারিবারিক বিনোদনের অনন্য সমন্বয়।

শত শত দেশি-বিদেশি গাছপালা, ২১টি দৃষ্টিনন্দন অ্যাকোয়ারিয়ামে রঙিন মাছের সমাহার এবং পাখির কলতানে ভরা এই নৈসর্গিক পরিবেশ দর্শনার্থীদের মনের ক্ষুধা মেটানোর পাশাপাশি এনে দেবে বিশুদ্ধ অক্সিজেনের নির্মল সংস্পর্শ। খাদ্যরসিকদের জন্য রয়েছে দেশি-বিদেশি নানা ধরনের স্বাস্থ্যসম্মত ও সুস্বাদু খাবারের সমাহার।

এছাড়া শিশুদের জন্য কিডস জোন, জিম কর্নার, মেশিন ম্যাসাজ জোন এবং নামাজের সুব্যবস্থাও রয়েছে প্রতিষ্ঠানটিতে।

একই কমপ্লেক্সে রয়েছে শাহ শের আলী সিএনজি অ্যান্ড ফিলিং স্টেশন, যেখানে সিএনজি, এলপিজি (অটোগ্যাস), অকটেন ও ডিজেল সরবরাহ করা হয়। আরও রয়েছে অনন্যা মার্ট, আধুনিক জামে মসজিদ এবং ভ্রমণকারীদের জন্য প্রয়োজনীয় বিভিন্ন সেবা। ফলে এটি শুধু একটি রেস্তোরাঁ নয়; বরং একটি সমন্বিত হাইওয়ে সার্ভিস কমপ্লেক্স হিসেবে গড়ে উঠেছে।

বিয়ে, জন্মদিন, করপোরেট সভা, সেমিনার ও অন্যান্য সামাজিক আয়োজনের জন্য রয়েছে শীতাতপ নিয়ন্ত্রিত, সবুজে ঘেরা আধুনিক অনুষ্ঠানস্থল। প্রশস্ত পার্কিং, পরিচ্ছন্ন পরিবেশ ও আন্তরিক সেবার কারণে ন্যাচার লাউঞ্জ দূরপাল্লার যাত্রীদের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের জন্য একটি কাঙ্ক্ষিত মিলনকেন্দ্র হয়ে উঠবে বলে সংশ্লিষ্টরা আশাবাদী।

শাহ শের আলী গ্রুপের প্রথম প্রতিষ্ঠান শাহ শের আলী কোম্পানি ড্রেজিং ব্যবসার মাধ্যমে ২০০০ সালে যাত্রা শুরু করে। পরবর্তীতে ‘শাহ শের আলী সিএনজি অ্যান্ড ফিলিং স্টেশন’-এর নির্মাণকাজ শুরু হয় ২০০৭ সালে এবং ২০০৯ সালের ১৩ জানুয়ারি বাণিজ্যিক কার্যক্রম শুরু হয়।

প্রতিষ্ঠার পর থেকে এটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসংলগ্ন এলাকায় বাণিজ্যিক কর্মকাণ্ডের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। সেই দীর্ঘ অভিজ্ঞতা, সেবার মানসিকতা এবং উন্নত গ্রাহকসেবার ধারাবাহিকতায় আজ যাত্রা শুরু করল ‘ন্যাচার লাউঞ্জ’।

রোকন-উদ-দৌলা,কিডনি রোগ,ক্যান্সার,খাদ্যে ভেজাল
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত