ঢাকা সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে গভীর নলকূপে গ্যাস, পানি উত্তোলন সাময়িক বন্ধ

সিরাজগঞ্জে গভীর নলকূপে গ্যাস, পানি উত্তোলন সাময়িক বন্ধ

সিরাজগঞ্জের বেলকুচি পৌর এলাকার চালা মহল্লার একটি গভীর নলকূপের পানির সঙ্গে প্রাকৃতিক গ্যাস বের হচ্ছে। ওই গ্যাসে আগুনের সংস্পর্শ ঘটলে তা জ্বলে উঠছে। এ দৃশ্য দেখতে ঘটনাস্থলে উৎসুক মানুষের ভিড় জমেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, নিরাপদ খাবার পানি সরবরাহের জন্য পৌরসভার উদ্যোগে ওই গভীর নলকূপটি স্থাপন করা হয়।

বৃহস্পতিবার সকালে প্রথমবারের মতো নলকূপটি চালু করলে পানি বের হওয়ার সঙ্গে অস্বাভাবিক শব্দ হচ্ছিল। এতে টেকনিশিয়ানদের সন্দেহ হলে পানিতে আগুনের সংস্পর্শ ঘটানো হয়। তখন সেখানে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। পরে নলকূপটি বন্ধ করে পুনরায় চালু করলে একই পরিস্থিতির সৃষ্টি হয়। গ্যাসে আগুন দিলে কয়েক ফুট উচ্চতা পর্যন্ত শিখা জ্বলে ওঠে।

পানি ও গ্যাস একসঙ্গে বের হওয়ায় তাৎক্ষণিকভাবে ওই নলকূপ থেকে পানি সরবরাহ বন্ধ করে দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরিন জাহান ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি আলোকিত বাংলাদেশ-কে বলেন, গভীর নলকূপ থেকে পানি উত্তোলনের সময় এ ধরনের পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিষয়টি পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেড (পিজিসিএল) ও ফায়ার সার্ভিসকে অবহিত করা হয়েছে।

পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেডের (পিজিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এস.এম. তারিকুল ইসলামসহ ফায়ার সার্ভিসের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

প্রাথমিকভাবে তারা ওই গভীর নলকূপে গ্যাসের অস্তিত্বের সন্ধান পেয়েছেন। এ কারণে সাময়িকভাবে নলকূপটির পানি উত্তোলন বন্ধ রাখা হয়েছে। পাশাপাশি বিষয়টি জেলা প্রশাসককে অবহিত করা হয়েছে।

এদিকে জেলা প্রশাসনও বিষয়টি সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে অবহিত করেছে। খুব শিগগিরই পিজিসিএলের বিশেষজ্ঞরা ঘটনাস্থল পরিদর্শন করবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়েছে।

গ্যাস,গভীর নলকূপ,সিরাজগঞ্জ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত