
সিরাজগঞ্জের রায়গঞ্জে জাহাঙ্গীর হত্যা মামলার অভিযোগ প্রমাণিত হওয়ায় একই পরিবারের ৩ জনসহ ৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। তারা হলেন রায়গঞ্জ উপজেলার তেবাড়িয়া গ্রামের সুজাত আলী, তার স্ত্রী সেলিনা খাতুন, মেয়ে ফাতেমা খাতুন, সলঙ্গা থানার দেওভোগ গ্রামের হায়দার আলী এবং সেলিম সেখের স্ত্রী হোসনে আরা।
সেইসঙ্গে তাদের প্রত্যেককে ১ লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
সোমবার দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক লায়লা শারমিন এ রায় দেন। ওই আদালতের এপিপি শাহান শাহ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আলোকিত বাংলাদেশকে জানান, সিরাজগঞ্জ সদর উপজেলার হাসনা গ্রামের জাহাঙ্গীর সেখ গ্রামে গ্রামে খেজুরের রস বিক্রি করতেন। ২০০৭ সালে রায়গঞ্জে রস বিক্রি করতে গিয়ে তেবাড়িয়া গ্রামের সুজাত আলীর সঙ্গে তার পরিচয় হয়। একপর্যায়ে তিনি সুজাত আলীর বাড়িতে বসবাস শুরু করেন। সেখানে থাকা অবস্থায় সুজাত আলীর মেয়ে ফাতেমা খাতুনের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
পরবর্তীতে ওই বছরের ৩ এপ্রিল জাহাঙ্গীরকে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী মায়া খাতুন বাদী হয়ে সুজাত আলীকে প্রধান আসামি করে ১০ জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করেন।
মামলার তদন্ত শেষে ২০০৮ সালের ৫ মে তাদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে ডিবি পুলিশ। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে বিজ্ঞ বিচারক এ রায় ঘোষণা করেন।