ঢাকা মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

রাজবাড়ীতে সংবাদ সম্মেলনে হামলা, ভাঙচুর ও নিরাপত্তাহীনতার অভিযোগ

রাজবাড়ীতে সংবাদ সম্মেলনে হামলা, ভাঙচুর ও নিরাপত্তাহীনতার অভিযোগ

রাজবাড়ী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের শ্রীপুর এলাকায় জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে মো. রাকিবুল হাসান ও তাঁর পরিবারের ওপর ধারাবাহিক হামলা, ভাঙচুর, প্রাণনাশের হুমকি এবং জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় সুষ্ঠু তদন্ত, দোষীদের আইনের আওতায় আনা এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে রাজবাড়ী প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী পরিবার।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মো. রাকিবুল হাসান। তিনি অভিযোগ করেন, বৈধভাবে জমি ক্রয় করার পরও এবং বিষয়টি আদালতে বিচারাধীন থাকা সত্ত্বেও একটি প্রভাবশালী মহলের সহযোগিতায় প্রতিপক্ষ জোরপূর্বক জমি দখলের অপচেষ্টা চালিয়ে যাচ্ছে।

তিনি বলেন, পলাশ পাম্পের মালিক আক্তারুজ্জামান খানের মদদে ফিরোজ আহম্মেদ ও তার সহযোগীরা প্রকাশ্যে তাদের বাড়িতে হামলা চালায়।

এ সময় বাড়ির সীমানা প্রাচীর (বাউন্ডারি ওয়াল) ভাঙচুর করা হয়। পুরো ঘটনাটি বাড়িতে স্থাপিত সিসিটিভি ক্যামেরায় ধারণ হয়েছে বলেও তিনি দাবি করেন। হামলার সময় বাধা দিতে গেলে তাকে ও তার পরিবারের সদস্যদের মারধর করা হয়।

রাকিবুল হাসান আরও অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে প্রতিপক্ষ বিভিন্নভাবে তাদের ভয়ভীতি প্রদর্শন করে আসছে। সম্প্রতি গভীর রাতে মুখোশধারী কয়েকজন ব্যক্তি তাদের বাড়িতে প্রবেশের চেষ্টা করে। এ ঘটনায় পরিবারের সদস্যরা চরম আতঙ্কের মধ্যে রয়েছেন। বিশেষ করে তার তিনটি ছোট শিশু নিরাপত্তাহীনতায় ভুগছে এবং তাদের স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হচ্ছে বলে তিনি জানান।

তিনি বলেন, জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের অব্যাহত হুমকি ও হামলার কারণে যেকোনো সময় আরও বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে। তাই নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের দ্রুত আইনের আওতায় এনে তাদের পরিবারের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।

সংবাদ সম্মেলনে উপস্থিত পরিবারের সদস্যরাও অভিযোগ করেন, প্রতিপক্ষের কারণে তারা দীর্ঘদিন ধরে মানসিক চাপ ও নিরাপত্তাহীনতার মধ্যে জীবনযাপন করছেন। তারা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

নিরাপত্তাহীনতার অভিযোগ,হামলা, ভাঙচুর,সংবাদ সম্মেলন,রাজবাড়ী
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত