ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে বহুল আলোচিত নিখোঁজ সেই ২ শিশু উদ্ধার

সিরাজগঞ্জে বহুল আলোচিত নিখোঁজ সেই ২ শিশু উদ্ধার

সিরাজগঞ্জের এনায়েতপুর থানা এলাকার বহুল আলোচিত দুই শিশু নিখোঁজের ঘটনার এক মাস পর তাদের উদ্ধার করা হয়েছে। তারা হলো, একই এলাকার খুকনি রহমতখোলা গ্রামের আব্দুল্লাহ (১০) ও আটারদাগ গ্রামের আফসার হোসেন (১২)।

এ নিখোঁজের ঘটনায় রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। এনায়েতপুর থানার ওসি জাহিদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আলোকিত বাংলাদেশকে জানান, গত ১১ জুন দুপুরে ওই দুই শিশু স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশ থেকে নিখোঁজ হয়। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান পায়নি। এ ঘটনায় ১৩ জুন নিখোঁজ আব্দুল্লাহর বাবা শামিম বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় একটি মামলা দায়ের করেন।

পুলিশ এ মামলায় রাকিব ও রাহিম নামে দুইজনকে গ্রেফতার করে। এছাড়া পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতুর দিকনির্দেশনায় তথ্যপ্রযুক্তির সহায়তায় বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়।

এর মধ্যে গত ৮ জুলাই আফসার হোসেন নিজ বাড়িতে ফিরে আসে। পরে তাকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। তার দেওয়া তথ্যের ভিত্তিতে জানা যায়, তারা দুজন সিরাজগঞ্জের সয়দাবাদ রেলস্টেশন থেকে ঢাকায় যায় এবং সেখানে তামিম নামের একটি হোটেলে কাজ করছিল। কয়েকদিন পর ওই হোটেল থেকে অজ্ঞাত এক ব্যক্তি আব্দুল্লাহকে সিলেটে নিয়ে যায়।

পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় ১১ জুলাই তাকে সিলেট থেকে উদ্ধার করে এবং পরিবারের কাছে হস্তান্তর করে।

এদিকে, দুই শিশু উদ্ধারের ঘটনায় মঙ্গলবার বিকেলে এনায়েতপুর থানায় এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। ব্রিফিংয়ে এসব তথ্য তুলে ধরা হয়। এছাড়া নিখোঁজের ঘটনায় বেশ কিছু রহস্য উদ্ঘাটিত হয়েছে বলেও জানানো হয়। তবে মামলার তদন্তের স্বার্থে সেসব তথ্য এখনই প্রকাশ করা সম্ভব নয়।

প্রেস ব্রিফিংয়ে সহকারী পুলিশ সুপার (বেলকুচি সার্কেল) রবিউল ইসলাম, মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই ফরিদ উদ্দিনসহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

২ শিশু উদ্ধার,নিখোঁজ,বহুল আলোচিত,সিরাজগঞ্জ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত