
সিরাজগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে (নিষিদ্ধ ঘোষিত) আওয়ামী লীগের ৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন, সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক ইব্রাহীম শেখ (৩৫), একই এলাকার সরদারপাড়া গ্রামের যুবলীগ কর্মী বিবেক ইসলাম (৩২) এবং এনায়েতপুর থানার জালালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দারোগা আলী (৪৬)।
সিরাজগঞ্জ সদর থানার ওসি রাকিবুল হাসান ও এনায়েতপুর থানার ওসি জাহিদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তারা আলোকিত বাংলাদেশকে জানান, পুলিশের নিয়মিত বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। এ অভিযানে বুধবার রাতে ইব্রাহীম শেখ ও বিবেক ইসলামকে গ্রেপ্তার করা হয়। বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।
এর আগে, এনায়েতপুর থানার জালালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দারোগা আলীকে গ্রেপ্তার করা হয়। বিস্ফোরক দ্রব্য আইনের মামলার তদন্তপ্রাপ্ত আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ইতোমধ্যে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।