ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

শহীদদের রাষ্ট্রীয় মর্যাদা নিশ্চিতের ঘোষণা জাহান্দার আলী মিয়ার

শহীদদের রাষ্ট্রীয় মর্যাদা নিশ্চিতের ঘোষণা জাহান্দার আলী মিয়ার

মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সদস্য সচিব জাহান্দার আলী মিয়া বলেছেন, মহান মুক্তিযুদ্ধের শহীদদের মতোই জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে নিহতদের রাষ্ট্রীয় মর্যাদায় স্মরণ করা হবে এবং তাদের পরিবারের জন্য সম্মানী ভাতার ব্যবস্থা করা হবে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে জুলাই শহীদ দিবস উপলক্ষে মাদারীপুর শহরের শকুনি লেকপাড়ে নির্মিত জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।

জাহান্দার আলী মিয়া বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ইতোমধ্যে ঘোষণা দিয়েছেন যে, জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে শহীদ হওয়া ব্যক্তিদের রাষ্ট্র আজীবন সম্মানের সঙ্গে স্মরণ করবে। মুক্তিযুদ্ধের শহীদ পরিবারের মতো তারাও রাষ্ট্রীয় স্বীকৃতি ও সহায়তা পাবেন।

তিনি আরও বলেন, জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানকে কেন্দ্র করে কেউ রাজনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করলে তা মেনে নেওয়া হবে না। মাদারীপুরের ১৭ জন শহীদসহ সারা দেশের শহীদদের আত্মত্যাগ জাতি চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। এ বিষয়ে জাতীয় সংসদেও গুরুত্বের সঙ্গে আলোচনা হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

শ্রদ্ধা নিবেদন শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের অবদান এবং আত্মত্যাগের কথা স্মরণ করা হয়। পরে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, ছাত্র-জনতার রক্ত ও আত্মত্যাগের মধ্য দিয়ে নতুন বাংলাদেশের যাত্রা শুরু হয়েছে। দেশের মানুষ আর কোনো স্বৈরাচারী শাসনব্যবস্থার পুনরাবৃত্তি দেখতে চায় না বলেও তারা মন্তব্য করেন।

এর আগে সকাল ১০টায় জুলাই স্মৃতিস্তম্ভে প্রথমে পুষ্পস্তবক অর্পণ করেন সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া। পরে জেলা প্রশাসক মর্জিনা আক্তার, পুলিশ সুপার হাবিবুর রহমান, জুলাই আন্দোলনের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

জাহান্দার আলী মিয়া,রাষ্ট্রীয় মর্যাদা,শহীদ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত