
মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপি নির্বাহী কমিটির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন বলেছেন, জুলাইকে যারা বিতর্কিত করতে চান তাদেরকে ছাড় দেওয়া হবে না। এই শহীদদের রক্তের প্রতি শ্রদ্ধা রেখে তারেক রহমানের নেতৃত্বে আমরা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবো, ইনশাআল্লাহ।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে কালকিনি উপজেলা অডিটোরিয়াম হলরুমে জুলাই শহীদ দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন, পাশাপাশি গত ১৭ বছরে যারা শহীদ হয়েছেন, তাদের কথা আমাদের আগে ভাবতে হবে এবং চিন্তা করতে হবে। আমরা তাদের পাশে থাকতে চাই, তাদের মুখে হাসি ফুটাতে চাই। বাংলাদেশ সরকার এবং রাজনৈতিক দল হিসেবে আমাদের দায়িত্ব অনেক।
কালকিনি উপজেলা নির্বাহী অফিসার সাইফ-উল আরেফিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা বিএনপির সভাপতি ফজলুল হক বেপারী, সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন মুন্সি, জুলাই আন্দোলনে আহত যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যবৃন্দ, উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ এবং উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।