
জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১১টায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাতের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এমপি মান্নান জুলাই আন্দোলনের স্মৃতিচারণ করে বলেন, আন্দোলনের সূচনালগ্নে নারায়ণগঞ্জ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। সে সময় তাকে লক্ষ্য করে গুলি ছোড়া হলে নেতাকর্মীরা মানবঢাল তৈরি করে তাকে রক্ষা করার চেষ্টা করেন। এ সময় তার মাথার ওপর দিয়ে যাওয়া একটি গুলি শাওন নামে এক আন্দোলনকারীর শরীরে বিদ্ধ হলে তিনি ঘটনাস্থলেই নিহত হন। এই ঘটনাই পরবর্তীতে দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল বলে তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, জুলাই বিপ্লবের শহীদ ও আহতদের আত্মত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আন্দোলনের সব শহীদ ও আহতদের পরিবারের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি।
সোনারগাঁয়ে জুলাই আন্দোলনে নিহত ও আহতদের প্রসঙ্গ তুলে এমপি মান্নান জানান, উপজেলায় তিনজন শিক্ষার্থী শহীদ হয়েছেন এবং আরও অনেকে আহত হয়েছেন। তাদের তালিকা উপজেলা প্রশাসনের কাছে সংরক্ষিত রয়েছে।
তিনি আশ্বাস দেন, সরকারি সব ধরনের সুযোগ-সুবিধা প্রাপ্তির ক্ষেত্রে শহীদ পরিবার ও আহতদের অগ্রাধিকার নিশ্চিত করতে তিনি উদ্যোগ নেবেন।
স্মরণসভা শেষে জুলাই আন্দোলনের শহীদদের রুহের মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, পৌর বিএনপির সভাপতি শাহজাহান মিয়া, সিনিয়র যুগ্ম সম্পাদক সাদিকুর রহমান সেন্টু, জামায়াত নেতা খোরশেদ আলম, ইসলামী আন্দোলন বাংলাদেশের সোনারগাঁ শাখার সভাপতি ফারুক আহমেদ মুন্সী, জাতীয় যুব শক্তির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক তুহিন মাহমুদ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরে ইয়াসিন নোবেল ও কাউসার আহমেদসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া জুলাই আন্দোলনের শহীদ পরিবারের সদস্য এবং আন্দোলনে অংশ নেওয়া যোদ্ধারাও অনুষ্ঠানে অংশ নেন।