
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, সরকারে থাকার অর্থ এই নয়, কেউ বড় কিছু হয়ে গেছে। স্বাধীনতার পর আওয়ামী লীগ তাঁত শিল্পকে ধ্বংস করেছে। আওয়ামী লীগ জন্মলগ্ন থেকেই দেশের ক্ষতি করেছে। ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে অনেকে নিহত ও নির্যাতনের শিকার হয়েছেন।
শনিবার দুপুরে সিরাজগঞ্জ পৌর এলাকার মিরপুরে তাঁত প্রশিক্ষণকেন্দ্র ও বেসিক সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ করে সমাজের নিকৃষ্ট মানুষ। কোনো ভদ্রলোক আওয়ামী লীগ করে না। দেশের কল্যাণে কাজ করতে হবে এবং খারাপ কাজ থেকে বিরত থাকতে হবে।
মন্ত্রী বলেন, আওয়ামী লীগের পতনের পর অনুষ্ঠিত নির্বাচনে কাউকে ভয়ভীতি দেখানো হয়নি। ভোটকেন্দ্রে যেতে বাধা দেওয়া হয়নি এবং দিনে ভোট, রাতে গণনার ঘটনাও ঘটেনি। সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে সরকার গঠিত হয়েছে।
তিনি বলেন, শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালে বলেছিলাম, হাসিনা থাকাকালীন সময়ে দেশে ফিরব না। কিন্তু আল্লাহর ইচ্ছায় তিনি পালিয়ে গেছেন, আর আমি দেশে ফিরে এসেছি।
ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, তাঁত শিল্পের প্রশিক্ষণ নিয়ে নারীরা স্বাবলম্বী হতে পারেন। ক্ষুদ্র উদ্যোগ থেকে শুরু করে বড় উদ্যোক্তা হওয়ার সুযোগ রয়েছে এ খাতে।
বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব শরফ উদ্দিন আহমদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম।
এ সময় জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।