ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

সাটুরিয়া থেকে নিখোঁজ দুই মাদ্রাসাছাত্রী ১৫ দিন পর সাভারে উদ্ধার

সাটুরিয়া থেকে নিখোঁজ দুই মাদ্রাসাছাত্রী ১৫ দিন পর সাভারে উদ্ধার

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার একটি আবাসিক মহিলা মাদ্রাসা থেকে নিখোঁজ হওয়ার প্রায় ১৫ দিন পর দুই শিক্ষার্থীকে উদ্ধার করেছে পুলিশ, অভিভাবক ও মাদ্রাসা কর্তৃপক্ষ।

তথ্যপ্রযুক্তির সহায়তায় শনিবার (১৮ জুলাই) সকাল ১০টার দিকে ঢাকার সাভার এলাকার একটি বাড়ি থেকে তাদের উদ্ধার করা হয়।

সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোশাররফ হোসেন ও মাদ্রাসা কর্তৃপক্ষ দুই শিক্ষার্থীকে উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও মাদ্রাসা সূত্রে জানা গেছে, ওই দুই শিক্ষার্থী সাটুরিয়ার ‘জামিয়া জয়নব বিনতে জাহাশ (রা.) সৈয়দা গুলজান বেগম মহিলা মাদ্রাসা’র আবাসিক শাখায় লেখাপড়া করত। গত ৩ জুলাই দুপুরে নিজেদের পরিচয় গোপন করে তারা মাদ্রাসা থেকে বের হয়ে যায়।

এরপর ১৫ দিন অতিবাহিত হলেও তারা আর মাদ্রাসা কিংবা নিজ বাড়িতে ফিরে আসেনি।

মাদ্রাসা কর্তৃপক্ষ ও তাদের গার্ডিয়ানরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান না পেয়ে গত ৯ জুলাই সাটুরিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এরপর পুলিশ ও মাদ্রাসা কর্তৃপক্ষ তথ্যপ্রযুক্তির মাধ্যমে তাদের অবস্থান শনাক্ত করার চেষ্টা চালায়। দীর্ঘ অনুসন্ধানের পর শনিবার তাদের অবস্থান শনাক্ত করা হয়। পরে পরিবারের সদস্য ও মাদ্রাসা কর্তৃপক্ষকে সঙ্গে নিয়ে সাভারের একটি আবাসিক ভবন থেকে তাদের উদ্ধার করা হয়।

পরিবার সূত্রে জানা যায়, তারা সেখানে চাকরির কথা বলে একটি বাসা ভাড়া নিয়েছিল এবং আত্মগোপনে থেকে গত ১৫ দিন অতিবাহিত করে।

নিখোঁজ শিক্ষার্থীদের পরিবারের সদস্যরা জানান, গত ১৫ দিন তারা চরম দুশ্চিন্তা ও উৎকণ্ঠার মধ্যে কাটিয়েছেন। সন্তানদের ফিরে পাওয়ায় তারা পুলিশ ও মাদ্রাসা কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সাভারে উদ্ধার,১৫ দিন পর,নিখোঁজ দুই মাদ্রাসাছাত্রী,সাটুরিয়া
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত