ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

মুন্সীগঞ্জে নদীভাঙনে জিও ব্যাগ ফেললেন এমপি কামরুজ্জামান

মুন্সীগঞ্জে নদীভাঙনে জিও ব্যাগ ফেললেন এমপি কামরুজ্জামান

দিনভর বৃষ্টির মধ্যে মুন্সীগঞ্জ সদর উপজেলার বাংলাবাজার ও শিলই ইউনিয়নের নদীভাঙন কবলিত এলাকা পরিদর্শন করে জিও ব্যাগ ফেললেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন। সোমবার তিনি এ দুই ইউনিয়নের ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে আসেন।

এ সময় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী, জেলা পরিষদের প্রশাসক এ. কে. এম. ইরাদত এবং মুন্সীগঞ্জ সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মোস্তফা উপস্থিত ছিলেন।

এছাড়াও পানি উন্নয়ন বোর্ড, স্থানীয় প্রশাসন এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে তারা নদীভাঙনে ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা ঘুরে দেখেন এবং ঝুঁকিপূর্ণ পয়েন্টসমূহ নিবিড়ভাবে পরিদর্শন করেন। ভাঙন প্রতিরোধে জরুরি ব্যবস্থার অংশ হিসেবে বিভিন্ন স্থানে আরও জিও ব্যাগ ফেলার নির্দেশ দেন সংশ্লিষ্ট কর্মকর্তাদের।

পাশাপাশি তারা ক্ষতিগ্রস্ত স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করে তাদের দুর্ভোগ, নিরাপত্তা, পুনর্বাসন এবং প্রয়োজনীয় সহায়তা সংক্রান্ত বিষয়গুলো সম্পর্কে খোঁজখবর নেন।

এমপি কামরুজ্জামান রতন আশ্বস্ত করে বলেন, নদীভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকার সবসময় রয়েছে এবং পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হবে।

তিনি আরও বলেন, জেলা প্রশাসন, স্থানীয় জনপ্রতিনিধি, পানি উন্নয়ন বোর্ড এবং সংশ্লিষ্ট সকল দপ্তর সম্মিলিতভাবে নদীভাঙন পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছে।

ক্ষয়ক্ষতি কমিয়ে আনা, ঝুঁকিপূর্ণ এলাকাসমূহে দ্রুত প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ এবং ক্ষতিগ্রস্ত মানুষের নিরাপত্তা ও সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

এমপি কামরুজ্জামান,জিও ব্যাগ,মুন্সীগঞ্জ,নদীভাঙন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত