
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার একটি কসমেটিকস প্রতিষ্ঠানের ম্যানেজারকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার দুপুর দেড়টা থেকে বিকেল চারটা পর্যন্ত জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মুন্সীগঞ্জ জেলা কার্যালয় সিরাজদিখান উপজেলার নিমতলা কোটগাঁও এলাকায় মনিটরিং কার্যক্রম পরিচালনা করে।
এ সময় ফ্যান্সি লিমিটেড কসমেটিকস ফ্যাক্টরিতে মনিটরিংকালে দেখা যায়, কেমিস্ট ছাড়াই বিভিন্ন ধরনের কেমিক্যাল ব্যবহার করে ক্রিম, লোশন, শ্যাম্পু, নেইল পলিশ রিমুভার, ফেসিয়াল স্ক্রাব, আফটার শেভসহ বিভিন্ন প্রসাধনী প্রস্তুত করা হচ্ছে। এছাড়া উৎপাদিত কসমেটিকসের কোনো মান পরীক্ষা করা হচ্ছে না।
এ ধরনের অনিয়মের দায়ে ফ্যাক্টরিটির ম্যানেজার আল মামুনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং কেমিস্ট নিয়োগ করে পণ্য প্রস্তুতের নির্দেশনা দেওয়া হয়।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ।
এ সময় তাকে সহযোগিতা করেন সিরাজদিখান উপজেলা ক্যাবের সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন এবং উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর শাহ আলম মিয়া।