
সিরাজগঞ্জের সয়াধানগড়া রহমতগঞ্জ এলাকায় অবস্থিত খান মিষ্টান্ন ভান্ডারের দই উৎপাদন কারখানায় অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের দায়ে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এ জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সোহেল শেখ।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরের দিকে ওই কারখানায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় উৎপাদিত দইয়ের মোড়কে প্রয়োজনীয় লেবেল না থাকা, অস্বাস্থ্যকর পরিবেশে উৎপাদন ও বাজারজাতকরণ এবং বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া কার্যক্রম পরিচালনাসহ বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়া যায়।
এসব অপরাধে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ওই কারখানার মালিক বকুল খানকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। সেই সঙ্গে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারদর ও সরবরাহ পরিস্থিতিও তদারকি করা হয়।
অভিযানে জেলা নিরাপদ খাদ্য অফিসের প্রতিনিধি ও ব্যাটালিয়ন আনসারের সদস্যরা উপস্থিত ছিলেন। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।