ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

নারায়ণগঞ্জে নতুন আরসিসি সড়ক যোগাযোগ ব্যবস্থায় আনবে গতি

নারায়ণগঞ্জে নতুন আরসিসি সড়ক যোগাযোগ ব্যবস্থায় আনবে গতি

বর্তমান বিএনপি সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে একের পর এক উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করে যাচ্ছে। সরকারের উন্নয়ন ধারাবাহিকতা চলমান রাখতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

ধারাবাহিক উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবে নারায়ণগঞ্জ সদরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর তত্ত্বাবধানে ফতুল্লা পোস্ট অফিস হতে হাজীগঞ্জ রোড (ভায়া উপজেলা সদর দপ্তর) পর্যন্ত প্রায় ২ দশমিক ১২ কিলোমিটার দীর্ঘ ও ১৫ ফুট প্রশস্ত আরসিসি সড়কের নির্মাণকাজ সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) আনুষ্ঠানিকভাবে সড়কটির উদ্বোধন করেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন।

এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মো. মামুন মাহমুদ, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ (এনডিএ)-এর চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজিব, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস. এম. ফয়েজ উদ্দিন এবং এলজিইডি নারায়ণগঞ্জ সদরের উপজেলা প্রকৌশলী ইয়াসির আরাফাত।

উদ্বোধনকালে বক্তারা বলেন, সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের সুফল দীর্ঘদিন ধরে জনগণের কাছে পৌঁছে দিতে সরকারি সম্পদ সংরক্ষণে জনগণের সচেতন অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন এই আরসিসি সড়কটি এলাকার যোগাযোগ ব্যবস্থাকে আরও নিরাপদ, টেকসই ও গতিশীল করবে।

এর ফলে স্থানীয় জনগণের যাতায়াত সহজতর হওয়ার পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্যসেবা, কৃষি, শিল্প, ব্যবসা-বাণিজ্য এবং সামগ্রিক আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ সময় সড়কটি দীর্ঘস্থায়ী ও টেকসই রাখতে সর্বসাধারণের প্রতি সচেতন হওয়ার আহ্বান জানানো হয়। বিশেষ করে সড়কে নির্ধারিত ধারণক্ষমতার অতিরিক্ত ওজন বহনকারী যানবাহন চলাচল থেকে বিরত থাকা, অননুমোদিতভাবে সড়ক কেটে পাইপ, গ্যাস, বিদ্যুৎ, পানি বা অন্যান্য ইউটিলিটি সংযোগ স্থাপন না করা, ড্রেনেজ ব্যবস্থায় বর্জ্য না ফেলা, সড়কের পাশে অবৈধ দখল বা স্থাপনা নির্মাণ না করা এবং যানবাহন চলাচলের ক্ষেত্রে ট্রাফিক আইন মেনে চলার জন্য সকলের প্রতি আহ্বান জানানো হয়।

যোগাযোগ ব্যবস্থা,নতুন আরসিসি,নারায়ণগঞ্জ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত