
পাবনার ঈশ্বরদী সরকারি কলেজের রসায়ন বিভাগের অনার্স চতুর্থ বর্ষের (সম্মান সমাপনী) শিক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে ঈশ্বরদী সরকারি কলেজের মিলনায়তনে রসায়ন বিভাগের শিক্ষার্থীদের আয়োজনে অনুষ্ঠিত এ বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আমজাদ হোসেন।
রসায়ন বিভাগের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী ও সাংবাদিক আলমাস আলীর কন্যা আসমা-উল-হুসনা আরশি এবং একই বর্ষের শিক্ষার্থী আবিদা সুলতানা তনুর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মো. ওহিদুর ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন দর্শন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মো. নজরুল ইসলাম।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. জাহিদুল ইসলাম, প্রভাষক মোহাম্মদ আরিফুল ইসলাম এবং প্রদর্শক সুলতান মাহমুদ। বিদায়ী শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য দেন মো. নাইম হোসাইন ও মো. রাসেল রানা।
আয়োজকদের পক্ষে বক্তব্য দেন তৃতীয় বর্ষের শিক্ষার্থী আসলাম আলী। মানপত্র পাঠ করেন চতুর্থ বর্ষের শিক্ষার্থী মোছা. তাসনিম এ জান্নাত।
রসায়ন বিভাগের প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ বর্ষের প্রায় ৪ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে আয়োজিত অনুষ্ঠানে বিভাগের ৪০ জন বিদায়ী শিক্ষার্থীকে ফুল, ম্যাগাজিন ও ক্রেস্ট দিয়ে সংবর্ধনা জানানো হয়। পরে কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।