অনলাইন সংস্করণ
১৫:৩১, ২৩ জুলাই, ২০২৬
ফরিদপুর সদর উপজেলার অগ্রণী ব্যাংকের প্রধান শাখায় গভীর রাতে সংঘটিত চুরির চেষ্টা ব্যর্থ করে চুরিকৃত মালামালসহ এক ব্যক্তিকে আটক করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। আনসার সদস্যদের সতর্কতা ও তাৎক্ষণিক পদক্ষেপে ব্যাংকের সম্ভাব্য বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো গেছে বলে জানা গেছে।
বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে ব্যাংকের নিরাপত্তার দায়িত্বে থাকা পিসি মো. আবু বক্কর ও এপিসি মো. শহিদ খানের নেতৃত্বে আনসার সদস্য মো. শাহ আলম এবং মো. রাশেদ মিয়া নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করছিলেন।
এ সময় তারা ব্যাংক ভবনের এসির বৈদ্যুতিক তার কাটার শব্দ শুনতে পান। সন্দেহজনক পরিস্থিতি বুঝতে পেরে তারা দ্রুত সতর্ক অবস্থান গ্রহণ করেন এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেন।
খবর পেয়ে ক্যাম্প ইনচার্জ পিসি মো. আবু বক্কর অতিরিক্ত সদস্যদের নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পরে চারদিক ঘিরে অভিযান পরিচালনা করে চুরিকৃত মালামালসহ মো. রাকিব মন্ডল (৩০) নামে এক ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়।
আটক রাকিব মন্ডলের বাড়ি ঝিনাইদহ সদর উপজেলার হামদহ গ্রামে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে ব্যাংক কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে তাকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
ব্যাংক সূত্রে জানা যায়, আনসার সদস্যদের দ্রুত ও সময়োপযোগী পদক্ষেপের কারণে ব্যাংকের গুরুত্বপূর্ণ সম্পদের সম্ভাব্য ক্ষতি রোধ করা সম্ভব হয়েছে। তাদের পেশাদারিত্ব এবং দক্ষ অভিযানের ফলেই চুরির চেষ্টা ব্যর্থ হয়।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি ও বেসরকারি স্থাপনার নিরাপত্তা নিশ্চিতকরণ, জনসম্পদের সুরক্ষা এবং আইন-শৃঙ্খলা রক্ষায় ভূমিকা পালন করে আসছে।
ফরিদপুরের এ ঘটনায় বাহিনীর সদস্যদের পেশাদারিত্ব, সতর্কতা ও সাহসিকতার আরেকটি উদাহরণ সৃষ্টি হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।