ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

ফরিদপুরে হত্যা মামলায় দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবিতে স্মারকলিপি

ফরিদপুরে হত্যা মামলায় দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবিতে স্মারকলিপি

ফরিদপুর সদর উপজেলার চরমাধবদিয়া ইউনিয়নের মমিন খাঁর হাট এলাকার ট্রান্সপোর্ট ব্যবসায়ী ইউসুফ ফকির হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দিয়েছেন স্থানীয় সচেতন নাগরিকরা।

বৃহস্পতিবার (২৩ জুলাই) জেলা প্রশাসক মাজহারুল ইসলাম এবং পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজীর কাছে পৃথকভাবে এ স্মারকলিপি প্রদান করেন মমিন খাঁর হাট ও আশপাশের চরাঞ্চলের সর্বস্তরের সচেতন নাগরিকরা।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, গত ১৬ জুলাই সন্ধ্যায় বাজার থেকে অটোরিকশায় বাড়ির কাছে নেমে যাওয়ার পর ইউসুফ ফকির নিখোঁজ হন। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে ১৭ জুলাই ফরিদপুর কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

এতে আরও বলা হয়, নিখোঁজ হওয়ার পর অজ্ঞাত ব্যক্তিরা ইউসুফ ফকিরের স্ত্রী ও শ্যালকের কাছে ফোন করে মুক্তিপণ দাবি করে। পরে ১৮ জুলাই সকালে তার বাড়ির সামনের একটি পাটক্ষেত থেকে হাত-পা বাঁধা এবং শরীরের বিভিন্ন স্থানে নির্যাতনের চিহ্নসহ তার মরদেহ উদ্ধার করা হয়।

স্মারকলিপিতে অভিযোগ করা হয়, মরদেহ উদ্ধারের পরও অজ্ঞাত ব্যক্তিরা নিহতের স্বজন ও পাওনাদারদের কাছে ফোন করে টাকা দাবি করে। এমনকি ভয়ভীতি দেখিয়ে নিহতের এক আত্মীয়ের কাছ থেকে ৪০ হাজার টাকা আদায় করা হয়েছে বলেও দাবি করা হয়।

সচেতন নাগরিকরা স্মারকলিপিতে বলেন, ঘটনার কয়েকদিন পার হলেও এখন পর্যন্ত কোনো আসামি গ্রেপ্তার না হওয়ায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে। এ ঘটনায় ব্যবসায়ীসহ সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা সৃষ্টি হয়েছে।

তারা ইউসুফ ফকির হত্যাকাণ্ডের সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত তদন্ত, জড়িতদের দ্রুত গ্রেপ্তার, দ্রুত বিচার নিশ্চিত করে দৃষ্টান্তমূলক শাস্তি, নিহতের পরিবারের নিরাপত্তা ও প্রয়োজনীয় আইনগত সহায়তা নিশ্চিত করার দাবি জানান।

পাশাপাশি তদন্তের অগ্রগতি জনসাধারণকে অবহিত করা এবং ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিতে মমিন খাঁর হাট ও আশপাশের এলাকায় অপরাধী চক্রের বিরুদ্ধে কার্যকর অভিযান পরিচালনারও আহ্বান জানান।

স্মারকলিপিতে বলা হয়, দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হলে নিহতের পরিবার ন্যায়বিচার পাবে এবং এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতি মানুষের আস্থা পুনঃপ্রতিষ্ঠিত হবে।

স্মারকলিপি,বিচার দাবি,দ্রুত গ্রেপ্তার,হত্যা মামলা,ফরিদপুর
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত