ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

সোনারগাঁয়ে অস্ত্রসহ গ্রেপ্তার ১২ মামলার আসামি রাসেল

সোনারগাঁয়ে অস্ত্রসহ গ্রেপ্তার ১২ মামলার আসামি রাসেল

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ১২ মামলার আসামি ও পলাতক রাসেল আহমেদকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১১)। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি দেশীয় শটগান, চার রাউন্ড গুলি এবং ১৪টি টেঁটা উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২৪ জুলাই) রাত ৯টায় র‍্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‍্যাব জানায়, বৃহস্পতিবার (২৩ জুলাই) দিবাগত রাত ১২টা ১০ মিনিটে র‍্যাব-১১ (সিপিএসসি) ও র‍্যাব-২-এর একটি যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর শেরেবাংলা নগর থানার পান্থপথ এলাকায় অভিযান চালিয়ে রাসেলকে গ্রেপ্তার করে। তিনি নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের কোরবানপুর গ্রামের মৃত সাফাতুল্লার ছেলে।

র‍্যাবের ভাষ্য অনুযায়ী, রাসেল দীর্ঘদিন ধরে সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের পাঁচানী, কোরবানপুর ও শান্তিনগর এলাকায় একটি সশস্ত্র বাহিনী পরিচালনা করে আসছিলেন। শিল্পকারখানা, ড্রেজিং ও আবাসন প্রকল্পকে কেন্দ্র করে আধিপত্য বিস্তার, চাঁদাবাজি, ঠিকাদার ও ব্যবসায়ীদের ভয়ভীতি প্রদর্শন এবং স্ক্র্যাপ, ইট-বালু ও নির্মাণসামগ্রীর ব্যবসা নিয়ন্ত্রণের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

এছাড়া প্রতিপক্ষের ওপর হামলা, গুলিবর্ষণ, টেঁটাবিদ্ধ করা এবং সাংবাদিকদের ওপর হামলার ঘটনাতেও তার সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।

গ্রেপ্তারের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে শুক্রবার (২৪ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে সোনারগাঁ উপজেলার কোরবানপুর এলাকায় তার বাড়ির পাশের একটি গোডাউনে অভিযান চালানো হয়। সেখান থেকে একটি দেশীয় শটগান, চার রাউন্ড গুলি ও ১৪টি টেঁটা উদ্ধার করা হয়।

র‍্যাব জানায়, রাসেলের বিরুদ্ধে নারায়ণগঞ্জের সোনারগাঁ ও ঢাকার বিভিন্ন থানায় হত্যা, চাঁদাবাজি, অস্ত্রসহ বিভিন্ন অভিযোগে অন্তত ১২টি মামলা রয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সোনারগাঁ থানায় হস্তান্তর করা হয়েছে।

রাসেল,১২ মামলার আসামি,অস্ত্রসহ গ্রেপ্তার,সোনারগাঁ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত