
পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে পাবনার ভাঙ্গুড়ায় গাছের চারা বিতরণ করা হয়েছে।
রোববার দুপুরে রোটারি ক্লাব অব ঢাকা লিজেন্ডের আয়োজনে ভাঙ্গুড়া উপজেলার প্রিজম প্রি-ক্যাডেট অ্যান্ড হাইস্কুল প্রাঙ্গণে এ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে ফলজ, বনজ ও ঔষধি প্রজাতির মোট দুই হাজার গাছের চারা বিতরণ করা হয়।
ভাঙ্গুড়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও প্রিজম প্রি-ক্যাডেট অ্যান্ড হাইস্কুলের সভাপতি মো. শাহিনুর রহমান শাহিনের সভাপতিত্বে এবং শাকিল আহমেদ সজিবের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রোগ্রাম চেয়ারপারসন রোটারিয়ান ফারজানা আক্তার।
এ সময় ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুজ্জামান, সেন্টার ফর পার্টিসিপেটরি ডেভেলপমেন্ট সার্ভিসেস (সিপিডিএস) ঢাকার পরিচালক কৃষিবিদ মো. আতাউর রহমান, মো. দেলোয়ার হোসেন, সাবেক কমিশনার শহিদুল ইসলাম, দিলপাশার ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. আব্দুল হাই, প্রিজম প্রি-ক্যাডেট অ্যান্ড হাইস্কুলের পরিচালক মো. রাসেল আহমেদ মোল্লা, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, সুশীল সমাজের প্রতিনিধি ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
বিদ্যালয়ের অভিভাবক ও সুশীল সমাজের প্রতিনিধিরা বৃক্ষরোপণ কর্মসূচির উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, শুধু গাছ লাগানো নয়, এগুলোর যথাযথ পরিচর্যা নিশ্চিত করা গেলে পরিবেশ রক্ষায় এ কর্মসূচি দীর্ঘমেয়াদে ইতিবাচক ভূমিকা রাখবে।
প্রধান অতিথির বক্তব্যে রোটারিয়ান ফারজানা আক্তার বলেন, মানবসেবাই রোটারির মূল আদর্শ। তাঁর মতে, শিশুদের মানসিক সুস্থতায় পাশে দাঁড়ানো শুধু একটি সামাজিক উদ্যোগ নয়, বরং মানবিক দায়িত্ব। রোটারি শুধু সেবামূলক সংগঠন নয়, এটি মানুষের কল্যাণ, শিক্ষা, স্বাস্থ্য ও পরিবেশ উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
অনুষ্ঠান শেষে বিতরণ করা গাছগুলোর নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করেন তিনি। পরে রোটারি ক্লাবের পক্ষ থেকে প্রিজম প্রি-ক্যাডেট অ্যান্ড হাইস্কুলের শিক্ষার্থীদের খেলাধুলার জন্য তিনটি ফুটবল প্রদান করা হয়।