ঢাকা বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে ছাত্রদল নেতার পরিবার আমরণ অনশনে

সিরাজগঞ্জে ছাত্রদল নেতার পরিবার আমরণ অনশনে

সিরাজগঞ্জ শহরের বাজার স্টেশন মুক্তির সোপান চত্বরে আমরণ অনশনে বসেছেন ইসলামিয়া সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শাফিন আহমেদ জিসানের পরিবার ও স্বজনরা।

মঙ্গলবার সকালে জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা ছানোয়ার হোসেন সানুকে গ্রেফতার ও দল থেকে বহিষ্কারের দাবিতে তারা এ অনশন কর্মসূচি শুরু করেন।

পরিবারের অভিযোগ, গত রোববার রাতে সানু মুঠোফোনে ছাত্রনেতা জিসানকে বাড়ি থেকে তুলে নিয়ে হত্যার হুমকি ও অশ্লীল ভাষায় গালিগালাজ করেন। একই সঙ্গে তার বাবা সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম ইন্নাকে পা কেটে ফেলারও হুমকি দেওয়া হয়েছে।

তাদের দাবি, হুমকি দেওয়ার ওই কল রেকর্ড ইতোমধ্যে ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

জিসানের মা শাপলা আহমেদ সাংবাদিকদের বলেন, “সানু আমার ছেলেকে বাড়ি থেকে তুলে নিয়ে হত্যা এবং আমার স্বামীকে পা কেটে ফেলার হুমকি দিয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় অভিযোগ করা হয়েছে। তাকে গ্রেফতার ও দল থেকে বহিষ্কার না হওয়া পর্যন্ত এ কর্মসূচি চলবে।”

অনশন কর্মসূচিতে অংশ নিয়েছেন জিসানের দাদি ও সাবেক পৌর কাউন্সিলর বেগম খোদেজা মান্নান, চাচা জেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক খোরশেদ আলম মিন্টু, জেলা বিএনপির সহ-প্রচার সম্পাদক শফিকুল ইসলাম জিন্না এবং বাবা সাবেক ছাত্রনেতা ও সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম ইন্নাসহ পরিবারের স্বজনরা।

এর আগে একই দাবিতে সোমবার দুপুরে সিরাজগঞ্জ প্রেসক্লাব হলরুমে তারা সংবাদ সম্মেলন করেন।

এ বিষয়ে সদর থানার ওসি রাকিবুল হাসান বলেন, এ হুমকির ঘটনায় অভিযোগ পাওয়া গেছে। ইতোমধ্যে বিষয়টি তদন্ত শুরু করা হয়েছে।

আমরণ অনশনে,ছাত্রদল নেতার পরিবার,সিরাজগঞ্জ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত