
“জীবনের সূচনায় মাতৃদুগ্ধ পান- টেকসই উদ্যোগ করি বেগবান” প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালিত হয়েছে। এ উপলক্ষে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
শনিবার (১ আগস্ট) সকাল ১১টায় জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে এবং জেলা সিভিল সার্জন কার্যালয়ের বাস্তবায়নে কর্মসূচির উদ্বোধন করা হয়।
পরে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে হাসপাতাল সড়ক প্রদক্ষিণ শেষে সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে গিয়ে শেষ হয়।
পরে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন রাজবাড়ী সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এবাদত হোসেন।
এতে বক্তব্য দেন এমওসিএস (সিভিল সার্জন) ডা. নূরুল ইসলাম, মেডিকেল অফিসার ডা. আফরোজা আক্তার এবং সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মোকারমা মানজুরাসহ স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তারা।
বক্তারা বলেন, জন্মের পরপরই শিশুকে মায়ের শালদুধ খাওয়ানো এবং প্রথম ছয় মাস শুধুমাত্র মাতৃদুগ্ধ পান নিশ্চিত করা শিশুর সুস্থ বৃদ্ধি ও রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সঙ্গে মাতৃদুগ্ধ পান করানো মায়ের স্বাস্থ্যের জন্যও উপকারী।
তারা আরও বলেন, মাতৃদুগ্ধ শিশুর শারীরিক, মানসিক ও বুদ্ধিবৃত্তিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই শিশুদের সুস্থ ভবিষ্যৎ নিশ্চিত করতে মাতৃদুগ্ধ পান বিষয়ে পরিবার ও সমাজের সবাইকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান বক্তারা।